শুধু বাঁকিপুর নয় মধ্যপ্রদেশের দাতিয়া আসনেও হেরেছে বিজেপি। দেশের দুই গুরুত্বপূর্ণ রাজ্যের উপনির্বাচনে প্রত্যাশিত ফল পেল না ভারতীয় জনতা পার্টি। তবে গুজরাতের মাঞ্জল্পুর বিধানসভা আসনে জয়ী হয়েছে গেরুয়া শিবির। সোমবার ফল প্রকাশের পরেই মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন।

নিতিন জানান, "৩টি বিধানসভা উপনির্বাচনে জনতার রায় আমরা বিনীতভাবে গ্রহণ করছি। মাঞ্জলপুরের জনগণকে অশেষ ধন্যবাদ এবং জয় নিশ্চিত করার জন্য দলের সমস্ত কর্মী ও দায়িত্বপ্রাপ্তদের আমার অভিনন্দন।" এরপরই বাঁকিপুর এবং দাতিয়ার উপনির্বাচনের রেজাল্ট নিয়ে হতাশা প্রকাশ করে বলেন,"বাঁকিপুর এবং দাতিয়ায় আমরা প্রত্যাশা অনুযায়ী জনসমর্থন পাইনি। দুই কেন্দ্রের ফলাফলেই আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে গভীর আত্মপর্যালোচনা করব।" তিনি আরও জানান, বিজেপি ফের নতুন শক্তি ও দৃঢ় সংকল্প নিয়ে মানুষের দরবারে ফিরবে এবং সাধারণ মানুষের আস্থা অর্জনে কাজ করে যাবে।"

১৯৯৫ সাল থেকে টানা দীর্ঘ তিন দশক ধরে বিহারের বাঁকিপুরের আসনটি ছিল গেরুয়া শিবিরের অপরাজেয় দুর্গ। নিতিন নিজেই পরপর চারবার এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। কিন্তু 'জন সুরাজ পার্টি'-র প্রতিষ্ঠাতা তথা ভোটকুশলী প্রশান্ত কিশোর বিজেপির সেই হিসেব উল্টে দেন। ১৯,৩২৪ ভোটের বিশাল ব্যবধানে বিজেপি প্রার্থীকে পরাজিত করেন তিনি। গত ২০২৫ সালের রাজ্য বিধানসভা নির্বাচনেও বিজেপি যে আসনে ৫০,০০০-এর বেশি বিশাল ব্যবধানে জয় পেয়েছিল, সেখানে এই হার সাম্প্রতিক সময়ে বিহারের রাজনীতিতে বিজেপির জন্য সবচেয়ে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।