পতঞ্জলির (Patanjali)  ঘি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করার জেরে এবার আইনি লড়াইয়ে জড়ালেন বিজেপির প্রাক্তন সাংসদ ব্রিজভূষণ শরণ সিং (Brij Bhushan)। পতঞ্জলি ফুডস লিমিটেডের তরফে তাঁর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন যোগগুরু রামদেব (Ramdev)। মধ্যপ্রদেশ হাই কোর্টে (Madhya Pradesh High Court)  দায়ের হয়েছে এই মামলা। ব্রিজভূষণের আইনজীবী আদালতে জবাব দেওয়ার জন্য সময় চেয়েছেন। মামলার পরবর্তী শুনানি আগামী ১৮ সেপ্টেম্বর।

আরও পড়ুন: রাষ্ট্রপতির ADC পদে প্রথম মহিলা সেনা আধিকারিক, ইতিহাস গড়লেন মেজর নব্যা

এই আইনি বিবাদের সূত্রপাত কয়েক বছর আগে। ২০২২ সালে একটি প্রকাশ্য অনুষ্ঠানে কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি অর্থাৎ প্রাক্তন বিজেপি সাংসদ ব্রিজভূষণ পতঞ্জলির ঘি নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর দাবি ছিল, ওই ঘি ভেজাল। এমনকি তিনি সাধারণ মানুষকে পতঞ্জলির ঘি না কিনে বাড়িতে গরু বা মহিষ পালনের পরামর্শও দিয়েছিলেন। একইসঙ্গে পতঞ্জলি ব্র্যান্ডের নাম নিয়েও আপত্তি জানিয়েছিলেন তিনি। ব্রিজভূষণের এই মন্তব্যের পরেই বিষয়টি নিয়ে সরব হন বাবা রামদেব। তাঁর তরফে ব্রিজভূষণের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছিল। তবে নিজের বক্তব্য থেকে সরে আসেননি প্রাক্তন সাংসদ। পরবর্তী সময়েও পতঞ্জলির ঘি নিয়ে তাঁর মন্তব্য ঘিরে বিতর্ক অব্যাহত থাকে। সাম্প্রতিক সময়েও একই ধরনের মন্তব্যের পর পতঞ্জলি আইনি পদক্ষেপের পথে হাঁটে।

মামলাটি প্রথমে জেলা দায়রা আদালতে গড়ায়। সেখানে বৈদ্যুতিন প্রমাণ সংক্রান্ত বিষয় নিয়ে আইনি জটিলতা তৈরি হয়। সেই সংক্রান্ত প্রশ্নই পরে হাই কোর্টে পৌঁছয়। মঙ্গলবারের শুনানিতে ব্রিজভূষণের আইনজীবী আদালতে হাজির হয়ে জবাব দেওয়ার জন্য সময় চান। এরপর আগামী ১৮ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

তবে পতঞ্জলির ঘি নিয়ে বিতর্কের ইতিহাসও বেশ পুরনো। ২০২০ সালের অক্টোবরে উত্তরাখণ্ডের পিথোরাগড়ে একটি দোকান থেকে পতঞ্জলির গরুর ঘির নমুনা সংগ্রহ করেছিল খাদ্য সুরক্ষা দফতর। প্রথমে রুদ্রপুরের সরকারি পরীক্ষাগারে নমুনাটি পরীক্ষার পর তা নির্ধারিত মান পূরণ করেনি বলে জানানো হয়। পতঞ্জলির অনুরোধে পরে নমুনাটি কেন্দ্রীয় পরীক্ষাগারেও পরীক্ষা করা হয়। সেখানেও মান পূরণ না করার রিপোর্ট আসে।