রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) এড-ডি-ক্যাম্প (ADC) হিসেবে দায়িত্ব নিলেন ভারতীয় সেনার (Indian Army) মেজর নব্যা শেখাওয়াত (Navya Shekhawat)। ভারতীয় সেনা থেকে প্রথম মহিলা আধিকারিক হিসেবে রাষ্ট্রপতির এডিসি হলেন তিনি।

আরও পড়ুন: অরিজিতের জন্য সমস্যায় 'কিং'! পদ্মশ্রী গায়ককে নিয়ে কী মন্তব্য শাহরুখের

রাষ্ট্রপতির সরকারি সফর এবং বিভিন্ন আনুষ্ঠানিক কর্মসূচিতে এডিসি-র ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতির সঙ্গে থেকে প্রোটোকল মেনে একাধিক দায়িত্ব সামলানোর পাশাপাশি সামরিক ও অসামরিক আধিকারিকদের মধ্যে সমন্বয় রাখার কাজও করতে হয় তাঁদের। সেই দায়িত্বে এবার মেজর নব্যা শেখাওয়াতকে দেখা যাবে রাষ্ট্রপতি ভবনে।

নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির দলে মোট পাঁচজন এডিসি থাকেন। তাঁদের মধ্যে তিনজন ভারতীয় সেনা, একজন নৌবাহিনী এবং একজন বায়ুসেনা থেকে আসেন। এই গুরুত্বপূর্ণ দায়িত্বে সেনাবাহিনীর পক্ষ থেকে এবার প্রথম মহিলা আধিকারিক হিসেবে জায়গা করে নিলেন নব্যা।

আরও পড়ুন: UPI পেমেন্টে এবার MDR, আপনার পকেট থেকে কি কাটবে অতিরিক্ত টাকা? জানুন

২০২১ সালের মাঝামাঝি ভারতীয় সেনায় কমিশন পান নব্যা শেখাওয়াত। UPSC-র Combined Defence Services পরীক্ষায় সফল হওয়ার পর তিনি Short Service Commission Women Non-Technical কোর্সের জন্য নির্বাচিত হন। চেন্নাইয়ের Officers Training Academy-তে প্রশিক্ষণ শেষ করে Army Service Corps-এ যোগ দেন তিনি। কয়েক বছরের মধ্যেই মেজর পদে উন্নীত হন।

সেনাবাহিনীতে যোগ দেওয়ার প্রায় পাঁচ বছরের মাথায় রাষ্ট্রপতির এডিসি হিসেবে নতুন দায়িত্ব পেলেন নব্যা। তবে রাষ্ট্রপতির এডিসি হিসেবে তিনিই প্রথম মহিলা নন। ২০২৫ সালে ভারতীয় নৌবাহিনীর লেফটেন্যান্ট কম্যান্ডার যশস্বী সোলাঙ্কি প্রথম মহিলা হিসেবে এই দায়িত্ব পেয়েছিলেন। নব্যা হলেন দ্বিতীয় মহিলা এবং ভারতীয় সেনার প্রথম মহিলা আধিকারিক, যিনি রাষ্ট্রপতির এডিসি হলেন।

সশস্ত্র বাহিনীতে মহিলাদের এই অগ্রযাত্রার পিছনে রয়েছে দীর্ঘদিনের নীতিগত পরিবর্তন। ১৯৯২ সালে শর্ট সার্ভিস কমিশনের মাধ্যমে ভারতীয় সেনায় মহিলাদের প্রবেশের পথ খুলেছিল। পরবর্তী সময়ে সেই সুযোগ আরও বিস্তৃত হয়। ২০২০ সালে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ রায়ের পর যোগ্য মহিলা আধিকারিকদের পুরুষদের সমান শর্তে Permanent Commission দেওয়ার বিষয়টিও স্পষ্ট হয়। তারই ধারাবাহিকতায় এবার রাষ্ট্রপতির পাশে গুরুত্বপূর্ণ সামরিক দায়িত্বে মেজর নব্যা শেখাওয়াতের উপস্থিতি।