দোকানে গিয়ে ৩ হাজার টাকার জিনিস কিনলেন আপনি। মোবাইল বের করে ইউপিআইয়ে পেমেন্ট (UPI Payment) করলেন। আপনার অ্যাকাউন্ট থেকে কাটল ঠিক ৩ হাজার টাকাই। কিন্তু সেই ৩ হাজার টাকার লেনদেনের জন্য দোকানদারকে দিতে হবে আরও ১২ টাকা। ১৫ অক্টোবর থেকে ইউপিআইয়ের ব্যবসায়িক লেনদেনে এমনই নতুন নিয়ম চালু হতে চলেছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই অতিরিক্ত টাকা দিতে হবে না ক্রেতাকে।

আরও পড়ুন: মূল গর্ভগৃহে নেই মা তারা, কোথায় গেল দেবী মূর্তি!

সম্প্রতি এই নতুন নিয়মের কথা জানিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। ২ হাজার টাকার বেশি নির্দিষ্ট ব্যবসায়িক ইউপিআই লেনদেনে ০.৪ শতাংশ হারে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (Merchant Discount Rate) বা এমডিআর বসবে। অর্থাৎ, ইউপিআইয়ের মাধ্যমে কোনও ব্যবসায়ী টাকা নিলে সেই লেনদেনের জন্য তাঁকেই একটি নির্দিষ্ট মাশুল দিতে হবে।

ধরা যাক, আপনি কোনও দোকান থেকে ৩ হাজার টাকার পণ্য কিনলেন। ইউপিআইয়ে আপনার পেমেন্ট থাকবে ৩ হাজার টাকাই। কিন্তু ওই লেনদেনের ০.৪ শতাংশ হিসেবে ১২ টাকা এমডিআর দিতে হবে দোকানদারকে। ৫০ হাজার টাকার লেনদেনে এই মাশুল হবে ২০০ টাকা। ৭৫ হাজার টাকার লেনদেনে হবে ৩০০ টাকা। এর পর লেনদেনের অঙ্ক বাড়লেও মাশুল আর বাড়বে না। অর্থাৎ, ১ লক্ষ টাকা ইউপিআইয়ে নিলেও সর্বোচ্চ এমডিআর দিতে হবে ৩০০ টাকা।

আরও পড়ুন: হাত-পা বাঁধা, নন্দীগ্রামের পুকুরে ৭০ বছরের বৃদ্ধার মৃতদেহ!

তাহলে কি দোকানদার সেই ১২ টাকা ক্রেতার কাছ থেকে নিতে পারবেন? উত্তর, না। নতুন কাঠামো অনুযায়ী, এমডিআরের টাকা ক্রেতার উপর চাপানো যাবে না। কোনও পণ্যের দাম যদি ৩ হাজার টাকা হয়, ইউপিআইয়ে পেমেন্ট করার সময় ক্রেতাকে ৩ হাজার টাকাই দিতে হবে। এমডিআরের খরচ সামলাতে হবে ব্যবসায়ীকে।

শুধু তাই নয়, ইউপিআইয়ের মাধ্যমে টাকা দেওয়ার জন্য ব্যবহৃত অ্যাপ বা প্ল্যাটফর্মও গ্রাহকের কাছ থেকে আলাদা কোনও মাশুল নিতে পারবে না। ফলে সাধারণ গ্রাহকের জন্য ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে সরাসরি কোনও অতিরিক্ত খরচ তৈরি হচ্ছে না।

আর এক ব্যক্তি অন্য এক ব্যক্তিকে ইউপিআইয়ে টাকা পাঠালে তো এই প্রশ্নই নেই। বন্ধু, পরিবারের সদস্য কিংবা নিজের অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো, সব ক্ষেত্রেই ইউপিআই বিনামূল্যেই থাকবে। ২ হাজার টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রেও এই নতুন এমডিআর প্রযোজ্য হবে না।

ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রেও থাকছে বিশেষ সুবিধা। রাস্তার ধারের ছোট দোকান বা ক্ষুদ্র বিক্রেতারা ইউপিআই কিউআর কোডের মাধ্যমে সরাসরি নিজেদের অ্যাকাউন্টে মাসে ১ লক্ষ টাকা পর্যন্ত পেমেন্ট নিলে ‘জিরো এমডিআর’ সুবিধা বজায় থাকবে। অর্থাৎ, তাঁদের কোনও মাশুল দিতে হবে না।

সরকারের বক্তব্য, কার্ডে পেমেন্ট করার সময় যে মাশুল দিতে হয়, তার তুলনায় ইউপিআইয়ের এই হার এখনও কম। ক্রেডিট কার্ডে সাধারণত এমডিআর ১.৫ থেকে ২.৫ শতাংশ এবং ডেবিট কার্ডে সর্বোচ্চ ০.৯০ শতাংশ পর্যন্ত হতে পারে।