বছর যত শেষের দিকে এগোচ্ছে ততই শাহরুখ খানের (Shahrukh Khan) ভক্তদের উন্মাদনা চড়ছে। কারণটা খুব স্বাভাবিকভাবেই 'কিং '(King) নিজেই। আসলে বলিউড বাদশার আসন্ন ছবি মুক্তি পাবে ডিসেম্বরের শেষে, টিজার দেখে দর্শকের আর অপেক্ষার সইছে না। কিন্তু হাই ভোল্টেজ অ্যাকশন প্যাকড সিনেমার কোনও গান এখনও প্রকাশ্যে এল না কেন? গত কয়েকদিন ধরে এ প্রশ্ন ঘোরাফেরা করছে শাহরুখ ভক্তদের মনে। তাই মঙ্গলবার এসআরকে (SRK) সোশ্যাল মিডিয়ায় প্রশ্নোত্তর পর্বে যোগ দিতেই অনুরাগীরা কৌতুহল চেপে রাখতে পারলেন না। আবদার করে বসলেন, অন্তত একটা গান প্রকাশ্যে আনার জন্য। কিন্তু জবাবে কিং খান যা বললেন তাতে সম্পূর্ণভাবে দায় বর্তায় পদ্মশ্রী গায়ক অরিজিৎ সিংয়ের (Arijit Singh) দিকে!
আরও পড়ুন: ক্যাপ্টেন্সি টাস্কে জীতুকে নিশানা নন্দিনীর, দিতিপ্রিয়া প্রসঙ্গে তপ্ত বিগ বসের ঘর
শাহরুখ খান আর অরিজিৎ সিং জুটি বলিউডকে একাধিক সুপারহিট গান উপহার দিয়েছে। তা সে 'রং দে তু মোহে গেরুয়া' হোক বা 'ঝুমে জো পাঠান'। তাই অরিজিৎ প্লেব্যাক ছাড়ার কথা ঘোষণা করলেও শাহরুখ আগেভাগেই জানিয়ে রেখেছিলেন তাঁর 'কিং' (King) ছবিতে মুর্শিদাবাদের গায়কের কণ্ঠ থাকবেই। সেইমতো শ্রোতা দর্শকদের উন্মাদনার পারদ ঊর্ধগামী। কিন্তু এখনও গান রিলিজ না হওয়ার সঙ্গে অরিজিতের কী সম্পর্ক? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিজেই উত্তর দিয়েছেন বলিউড বাদশা। লিখেছেন, 'রিলিজ করেই দিতাম। তবে এখনও অরিজিৎ দাদার শেষমুহূর্তের কাজবাকি। ও আসলে পারফেকশনিস্ট। তাই নিখুঁত কাজ করতে কিছুটা সময় তো লাগবেই।'

৪০০ কোটি বাজেটের কিং (King) সিনেমায় একাধিক চমক মিলবে বলে আশা করছেন বলিউড সুপারস্টারের অনুরাগীরা। প্রথমবার মেয়ের সঙ্গে অভিনয় করছেন শাহরুখ। পাশাপাশি এই ছবিতেই রানি মুখোপাধ্যায় ও অভিষেক বচ্চনকে বহু বছর পর একসঙ্গে স্কিন শেয়ার করতে দেখা যাবে বলে জল্পনা। সিনেমায় রয়েছেন বলিউড পাঠানের লেডি লাক দীপিকা পাড়ুকোনও। বহু বছর পর একই সঙ্গে অ্যাকশন ও রোমান্টিক অবতারে ধরা দেবেন সুপারস্টার। এইরকম একটা হাইপ্রোফাইল ক্যানভাসে অরিজিতের গান নিঃসন্দেহে বড় এক প্রাপ্তি হতে চলেছে। চলতি বছরের জানুয়ারি মাসেই প্লেব্যাক জগতকে বিদায় জানানোর কথা ঘোষণা করেছিলেন অরিজিৎ। তবে চুক্তি মাফিক যে গানগুলো গাওয়ার কথা রয়েছে সেক্ষেত্রে পেশাদারিত্ব বজায় রাখবেন বলেও আশ্বাস দিয়েছিলেন। সেই তালিকাতেই রয়েছে 'কিং'(King)।
















