বিগ বস বাংলার (Big Boss Bangla) ঘরে ক্যাপ্টেন্সি টাস্ক ঘিরে তুমুল বচসা। আর সেই ঝামেলার মাঝেই উঠে এল বহু পুরনো এক বিতর্ক। জীতু কমলকে ( Jeetu Kamal) নিশানা করে নন্দিনী দত্তের (Nandini Dutta) মন্তব্যে ফের আলোচনায় এলেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। অন্যদিকে জীতুর সঙ্গে সরাসরি বিবাদে জড়িয়ে পড়লেন রাজবীর দে (Rajveer Dey)। ফলে ‘বিগ বস বাংলা’র ১৬তম দিনে বদলে গেল ঘরের নানা সমীকরণ।
আরও পড়ুন: মূল গর্ভগৃহে নেই মা তারা, কোথায় গেল দেবী মূর্তি!
কয়েক দিন ধরেই বিগ বস বাংলার ঘরে নন্দিনী দত্ত ও রাজবীর দে-র ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা চলছে। তাঁদের সম্পর্ক নিয়ে মনামীও নন্দিনীকে জানিয়েছিলেন, তাঁদের বন্ধুত্বের মধ্যে জোর করে প্রেমের আবহ তৈরি করা হচ্ছে বলে তাঁর মনে হয়েছে। যদিও নন্দিনী স্পষ্ট করেছেন, রাজবীরের সঙ্গে তাঁর ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে ঠিকই, কিন্তু সেই সম্পর্ককে প্রেমের তকমা দেওয়া ঠিক নয়। এই আবহের মধ্যেই ক্যাপ্টেন্সি টাস্ককে কেন্দ্র করে শুরু হয় নতুন অশান্তি। রাজবীর কোন প্রতিযোগীকে সমর্থন করবেন, তা নিয়ে আলোচনা চলছিল। সেই সময় জীতুর একটি মন্তব্যে ক্ষুব্ধ হন নন্দিনী। জীতু রাজবীরকে ভালো ছেলে বলার পাশাপাশি নন্দিনী তাঁকে নিজের স্বার্থে ব্যবহার করছেন, এমন ইঙ্গিত করেন।
এতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই জীতুকে পালটা আক্রমণ করেন নন্দিনী। কথার লড়াইয়ের মাঝেই তিনি টেনে আনেন জীতু কমল ও দিতিপ্রিয়া রায়ের পুরনো পেশাগত সংঘাতের প্রসঙ্গ। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিককে কেন্দ্র করে একসময় জীতু ও দিতিপ্রিয়ার মধ্যে যে টানাপড়েন প্রকাশ্যে এসেছিল, তা নিয়ে সামাজিক মাধ্যমে বিস্তর আলোচনা হয়েছিল। সেই পুরনো অধ্যায়কেই হাতিয়ার করে জীতুকে কটাক্ষ করেন নন্দিনী। অন্যদিকে, নন্দিনীর সঙ্গে জীতুর বচসার মাঝে তাঁর পক্ষ নিয়ে এগিয়ে আসেন রাজবীর। জীতুর সঙ্গে সরাসরি তর্কে জড়িয়ে পড়েন তিনি। এক পর্যায়ে রাজবীরকে বলতে শোনা যায়, “তোমার কেরিয়ার শেষ, এবার আমার সময় শুরু।” যদিও জীতুর আচরণে মনে হয়েছে, রাজবীরের এই মন্তব্যকে তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন না।
উল্লেখ্য, বিগ বসের ঘরে প্রবেশের পর রাজবীরের সঙ্গে জীতুর বন্ধুত্ব তৈরি হয়েছিল। এমনকি বিশেষ ক্ষমতা ব্যবহার করে রাজবীরকে নমিনেশন থেকেও বাঁচিয়েছিলেন জীতু। কিন্তু নন্দিনীকে কেন্দ্র করে সেই বন্ধুত্বেই এখন টানাপড়েনের ছবি স্পষ্ট। রাজবীরের সঙ্গে নন্দিনীর ঘনিষ্ঠতা নিয়ে জীতু আগেও তাঁকে সতর্ক করেছিলেন বলে জানা যায়। গত কয়েক দিনে দু’জনকে একসঙ্গে ঘনিষ্ঠ অবস্থায়ও দেখা গিয়েছে। সেই সম্পর্ক নিয়েই ঘরে নানা আলোচনা চলছিল। এবার সেই প্রসঙ্গই জীতু-নন্দিনীর বিবাদকে আরও বাড়িয়ে দিল। সব মিলিয়ে বিগ বস বাংলার ১৬তম দিনে একদিকে নন্দিনী-রাজবীরের সম্পর্ক নিয়ে আলোচনা, অন্যদিকে ক্যাপ্টেন্সির লড়াই এবং তার সঙ্গে জুড়ে যাওয়া পুরনো বিতর্ক সব মিলিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তবে এই বিরোধ আগামী দিনে কোন দিকে যায়, সেটাই এখন দেখার। ক্যাপ্টেন্সির লড়াই কি সাময়িক উত্তেজনাতেই থেমে থাকবে, নাকি জীতু-রাজবীরের বন্ধুত্বে স্থায়ী প্রভাব ফেলবে? একইসঙ্গে নন্দিনী-রাজবীরের সম্পর্ক নিয়েও ঘরের ভিতরে যে প্রশ্ন উঠছে, তার উত্তর মিলবে পরবর্তী পর্বগুলিতেই।
















