মর্মান্তিক! তীর্থযাত্রীদের নিয়ে বাবা বালক নাথ মন্দিরে যাওয়ার পথে হিমাচল প্রদেশের শাহ তালাইয়ের কাছে একটি বাস দুর্ঘটনার সম্মুখীন হল। সোমবার ভোররাতের এই ঘটনায় শেষ পাওয়া খবর অনুযায়ী ২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন ৭ জন। রাস্তা ফাঁকা থাকায় দ্রুত গতিতে ছুটছিল বাসটি। অধিকাংশ যাত্রীই সেই সময়ে ঘুমোচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দে উল্টে যায় বাসটি এবং সিট থেকে ছিটকে পড়েন তীর্থযাত্রীরা। কোনওরকমে বাস থেকে বেরিয়ে কয়েকজন তীর্থযাত্রী প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে পুলিশ। ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটল খতিয়ে দেখা হচ্ছে। জেলা প্রশাসনের কর্মকর্তা এবং স্বাস্থ্য বিভাগের দলও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। মৃতদের নাম পরিচয় জানা যায়নি।
সূত্রের খবর তীর্থযাত্রী বোঝাই একটি বেসরকারি বাস ভোররাতে হঠাৎ উল্টে যায়। মোট ৩৫ জন তীর্থযাত্রী ছিলেন ওই বাসে। পঞ্জাবের অমৃতসর থেকে বাবা বালক নাথ মন্দিরের উদ্দেশে রওনা দিয়েছিল বাসটি। তিনজন আহতদের মধ্যে একজনকে চণ্ডীগড়ের PGI-তে এবং দু'জনকে হামিরপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। চারজন যাত্রীর বারসার হাসপাতালে চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, চালক ঘুমিয়ে পড়া বা নিয়ন্ত্রণ হারানোর জেরেই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। বাসের চালক ও প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহ করা হচ্ছে।
জেলা প্রশাসন জানিয়েছে যে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আহত সকল যাত্রী যাতে দ্রুত চিকিৎসা পরিষেবা পান, সেটা নিশ্চিত করা হচ্ছে। এছাড়া ক্ষতিগ্রস্ত তীর্থযাত্রী ও তাঁদের পরিবারকে সম্ভাব্য সব ধরনের সহায়তা করা হচ্ছে বলে খবর।
















