পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগ ওঠার পর IIT Bombay-এর এক দ্বিতীয় বর্ষের পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল ক্যাম্পাসে। শুক্রবার সন্ধ্যায় ওই পড়ুয়ার মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর প্রশাসনের বিরুদ্ধে জবাবদিহি ও স্বচ্ছতার দাবিতে বিক্ষোভে সামিল হন একাধিক পড়ুয়া।
IIT Bombay-এর তরফে জানানো হয়েছে, এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ওই পড়ুয়া পরীক্ষার প্রশ্নপত্রের ছবি ChatGPT-তে আপলোড করে উত্তর খোঁজার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। পরীক্ষার সময় তাঁর কাছে মোবাইল ফোন পাওয়া যায় বলেও জানানো হয়েছে। তবে প্রতিষ্ঠানের দাবি, এই ঘটনায় ওই পড়ুয়ার বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে কথা বলেন সংশ্লিষ্ট শিক্ষক এবং বিভাগের প্রধান। তাঁকে কাউন্সেলিং করা হয় এবং আশ্বাস দেওয়া হয়, এই ঘটনার কারণে তাঁর শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব পড়বে না। এরপর ওই পড়ুয়া নিজের হস্টেলের ঘরে ফিরে যান। পরে সন্ধ্যায় তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়।
এক বিবৃতিতে IIT Bombay জানিয়েছে, এই ঘটনায় তারা গভীরভাবে শোকাহত। মৃত পড়ুয়ার বন্ধু, সহপাঠী, শিক্ষক-সহ ঘটনায় প্রভাবিত সকলকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। মৃত্যুর পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে বলেও জানানো হয়েছে। স্বাভাবিকভাবেই ঘটনার পর একাধিক পড়ুয়া ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, এই ধরনের ঘটনায় প্রশাসনের কাছ থেকে আরও স্বচ্ছতা, জবাবদিহি এবং পরিস্থিতির কারণ সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন।
প্রসঙ্গত, এক পড়ুয়ার দাবি, ক্যাম্পাসে এর আগেও আত্মহত্যার ঘটনা ঘটেছে এবং সাম্প্রতিক সময়ে একাধিক এমন ঘটনায় পড়ুয়াদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়। পড়ুয়াদের সঙ্গে IIT Bombay কর্তৃপক্ষের আলোচনাও শুরু হয়।পুলিশের এক সিনিয়র আধিকারিক দত্তাত্রয় নালাওয়াড়ে জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। তাঁর বক্তব্য অনুযায়ী, ঘটনার পর কয়েকজন IIT পড়ুয়া বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভে সামিল হন এবং প্রশাসনের সঙ্গে তাঁদের আলোচনা চলছে।
















