প্রশ্ন ফাঁস নিয়ে যখন আন্দোলনে উত্তাল গোটা দেশ, তখন ২০২৪ সালের NEET-UG তে প্রশ্ন ফাঁসের ঘটনায় ধৃত সঞ্জীব মুখিয়াকে (Sanjeev Mukhia) প্রমাণের অভাবে CBI ক্লিনচিট দিয়ে দিল। এদিকে ২৭ জুলাই ফাস্ট-ট্র্যাক আদালতে হাজিরই হলেন না সিবিআই এর তরফের আইনজীবী। শুনানি হল না নিট (NEET) প্রশ্নফাঁসের মামলার। তদন্ত শুরুর পর সঞ্জীব মুখিয়াকে বিহার পুলিশ গ্রেফতার করেছিল। যদিও পরে তদন্ত যায় CBI-এর হাতে। কিন্তু তারা প্রমাণের অভাবে তাঁকে ছাড় দিয়ে দিল। 

২০২৪ সালে NEET-UG তে প্রশ্ন ফাঁসের অভিযোগে মামলা করে বিহার পুলিশ। কিন্তু যথেষ্ট প্রমাণ হাতে না থাকায় ধৃত সঞ্জীব কুমার ওরফে সঞ্জীব মুখিয়াকে ছেড়ে দেওয়া হল। সঞ্জীব মুখিয়া এই চক্রে জড়িত বলে সন্দেহ করা হয়েছিল কারণ, আরও বেশ কয়েকটি প্রশ্ন ফাঁসের ঘটনায় তাঁর নাম জড়ায়। সেই সময় সঞ্জীব মুখিয়া পলাতক ছিলেন। পরে বিহার পুলিশ তাঁকে গ্রেফতার করে ও FIR-এ তাঁকে অভিযুক্ত হিসেবে দেখায়। এরপর এই মামলা CBI-এর হাতে গেলে CBI পাটনার আদালতে ৪৫ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করলেও সঞ্জীব মুখিয়ার বিরুদ্ধে কোনও চার্জশিট দায়ের করেনি।

সিবিআইয়ের দাবি, সঞ্জীব কুমারের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। তাই তাঁকে ক্লিনচিট দেওয়া হয়েছে। উল্লেখ্য, এই ঘটনার পর এক্স হ্যান্ডেলে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লেখেন, 'প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলছেন এবং কঠোর দায়বদ্ধতার আশ্বাস দিচ্ছেন। অথচ, CBI জানিয়েছে যে, ২০২৪ সালের NEET-এর প্রশ্নপত্র ফাঁস মামলার আসল অভিযুক্তের বিরুদ্ধে তারা কোনও প্রমাণ খুঁজে পায়নি। লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীর ভবিষ্যৎ নষ্ট করার অভিযোগে অভিযুক্তরা যদি এভাবেই বাইরে থেকে যায়, তাহলে সরকার আসলে কাদের রক্ষা করছে? দোষীরা শাস্তি পাবে তো?''