দরজায় কড়া নাড়ছে BRICS সম্মেলন। ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে বসতে চলেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক জোটের শীর্ষ বৈঠক। তার আগেই BRICS-এর কার্যকারিতা এবং ভারতের প্রাপ্তি নিয়ে প্রশ্ন তুলে রাজনৈতিক বিতর্ক উসকে দিলেন কংগ্রেসের প্রবীণ নেতা পি চিদম্বরম। চিদম্বরমের বক্তব্য, সাম্প্রতিক কয়েকটি BRICS সম্মেলন থেকে ভারতের জন্য উল্লেখযোগ্য কোনও বাস্তব ফল তাঁর নজরে আসেনি। তাঁর প্রশ্ন, BRICS-এর পাশাপাশি ভারত যখন G20, QUAD এবং সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের মতো একাধিক আন্তর্জাতিক মঞ্চের সদস্য, তখন সেখান থেকে দেশের দৃশ্যমান লাভ কতটা হচ্ছে? অতীতে BRICS বৈঠক থেকে কিছু নির্দিষ্ট ফল মিললেও গত দুই-তিনটি সম্মেলনে তেমন কোনও বাস্তব সাফল্য চোখে পড়েনি। ফলে আসন্ন দিল্লি সম্মেলন ঘিরে প্রত্যাশার পাশাপাশি এই আন্তর্জাতিক মঞ্চ থেকে ভারতের কৌশলগত ও অর্থনৈতিক লাভ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

এদিকে, BRICS সম্মেলনকে সামনে রেখে রাজধানীতে জোরকদমে চলছে প্রস্তুতি। চলতি বছরের ১ জানুয়ারি BRICS-এর সভাপতিত্ব গ্রহণ করেছে ভারত। এবারের সভাপতিত্বের মূল বার্তা—*‘Building for Resilience, Innovation, Cooperation and Sustainability’*। বর্তমানে BRICS-এ রয়েছে ব্রাজিল, চিন, রাশিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহি। পাশাপাশি বেশ কয়েকটি দেশ পার্টনার কান্ট্রি হিসেবেও যুক্ত হয়েছে এই মঞ্চের সঙ্গে। দিল্লির সম্মেলনে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর মতো একাধিক গুরুত্বপূর্ণ রাষ্ট্রনেতার উপস্থিতির সম্ভাবনা রয়েছে।

বিশ্বের জনসংখ্যা ও অর্থনীতির একটি বড় অংশের প্রতিনিধিত্ব করে BRICS। ফলে দিল্লির মাটিতে এবারের সম্মেলন শুধু কূটনৈতিক দিক থেকেই নয়, আন্তর্জাতিক বাণিজ্য, অর্থনীতি এবং ভূ-রাজনীতির ক্ষেত্রেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আর সেই গুরুত্বপূর্ণ সম্মেলনের ঠিক আগে চিদম্বরমের প্রশ্ন নতুন মাত্রা যোগ করল দেশের রাজনীতিতে।