অভাবনীয়! মহিলা মুখ্যমন্ত্রী অথচ রাজধানীতে প্রতিনিয়ত হেনস্থার শিকার খোদ মহিলারাই। রক্ষকেরই এবার ভক্ষক হয়ে ওঠার অভিসন্ধি প্রকাশ্যে। এবার দিল্লি মেট্রোর এক ঘৃণ্য ঘটনা নিয়ে তোলপাড় চারদিক। গোপনে এক মহিলা যাত্রীর ছবি তোলার অভিযোগ উঠল এক CISF জওয়ানের বিরুদ্ধে। দিল্লি মেট্রোতে এই ঘটনার পর যাত্রীরা তাঁকে ঘিরে ধরতেই শুরু হয় তর্কাতর্কি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হঠাৎ সার্ভিস পিস্তল বের করে যাত্রীদের দিকে তাক করেন ওই জওয়ান। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
ঘটনার দিন রাত প্রায় ১২.৪০ নাগাদ মেট্রোর কোচে থাকা এক মহিলা বুঝতে পারেন এক সিআইএসএফ জওয়ান মোবাইলের ক্যামেরায় গোপনে তাঁর ছবি তুলছেন। তিনি প্রতিবাদ জানালে ছবি তোলার কথা অস্বীকার করেন ওই জওয়ান। জানিয়ে দেন তিনি কোনও ছবি তোলেননি। কিন্তু ততক্ষণে বিষয়টি মেট্রোর অন্যান্য যাত্রীদের নজরে এলে তাঁরা এগিয়ে এসে অভিযুক্ত জওয়ানকে ঘিরে ধরে জওয়ানের মোবাইল ফোন পরীক্ষা করে দেখেন গ্যালারিতে ওই তরুণীর একাধিক ছবি রয়েছে। স্বাভাবিকভাবেই এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যাত্রীরা মোবাইল থেকে ছবিগুলি ডিলিট করার জন্য চাপ দিতে থাকলে অভিযুক্ত জওয়ান ট্রেন থেকে নেমে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু যাত্রীরা তাঁকে আটকে দিলে মেট্রোর কামরার মধ্যেই হাতাহাতি শুরু হয়।
অভিযোগ, এরপরে হঠাৎ সার্ভিস পিস্তল বের করে তিনি যাত্রীদের দিকে নিশানা করলে সকলেই ভয় পেয়ে যান। সেই সুযোগে ওই জওয়ান ট্রেন থেকে নেমে যান। ঘটনা প্রকাশ্যে আসতেই অভিযুক্ত জওয়ানকে সাসপেন্ড করেছে কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা। সূত্রের খবর, অভিযুক্তকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে গোটা ঘটনার উচ্চপর্যায়ের বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশ উপস্থিত হয়। ওই তরুণী অভিযুক্ত জওয়ানের বিরুদ্ধে কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি। সিআইএসএফ-এর তরফে এদিনের ঘটনা নিয়ে জানানো হয়েছে, তদন্ত রিপোর্ট এবং পরে কোনও লিখিত অভিযোগ জমা পড়লে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
















