সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এবং কেন্দ্র সরকারের ইতিবাচক প্রতিশ্রুতির প্রেক্ষিতে রাজধানীতে প্রস্তাবিত প্রতিবাদ মিছিল প্রত্যাহারের কথা জানাল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আগামী ৫ সেপ্টেম্বর ইন্ডিয়া গেট থেকে দিল্লি পুলিশ সদর দফতর পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি হওয়ার কথা ছিল। মঙ্গলবার শীর্ষ আদালতে সিজেপির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর সংক্রান্ত আদালতের পদক্ষেপ এবং সরকারের আশ্বাসের পর তারা এই কর্মসূচি স্থগিত রাখছে।

মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চের শুনানিতে সিজেপির সহ-সংযোজক তথা মুখপাত্র সৌরভ দাস জানান, জুলাই মাসের আন্দোলনের পর সরকার যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল, তা পূরণের ইতিবাচক বার্তা মেলায় এবং আদালতের নির্দেশনার পর মিছিলের ডাক প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। দুই পক্ষের এই গঠনমূলক মনোভাবকে স্বাগত জানিয়ে প্রধান বিচারপতি মন্তব্য করেন, আলোচনার মাধ্যমে উভয় পক্ষ সদর্থক পদক্ষেপ করলে যে কোনও সমস্যারই সুষ্ঠু সমাধান সম্ভব।

উল্লেখ্য, সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার (নিট) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গত ২০ জুলাই যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি চলাকালীন একাধিক বিক্ষোভকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। সিজেপির অভিযোগ ছিল, আন্দোলন স্থগিত করার সময় কেন্দ্রীয় সরকার যে সমস্ত আশ্বাস দিয়েছিল, বিশেষত মামলা প্রত্যাহারের বিষয়ে, তা সম্পূর্ণ বাস্তবায়িত হয়নি। সেই কারণেই ২৪ আগস্ট ফের নতুন করে ৫ সেপ্টেম্বর দিল্লির রাস্তায় প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছিল। অবশেষে শীর্ষ আদালতের হস্তক্ষেপে এবং কেন্দ্রের আশ্বাসে সেই কর্মসূচি প্রত্যাহার করে নিল সংগঠনটি।