দেশের ৮০-তম স্বাধীনতা দিবসের দিন সরিয়ে দেওয়া হল ককরোচ জনতা পার্টির (CJP) ইনস্টাগ্রাম হ্যান্ডেল। এক্সে পোস্টে এই কথা জানিয়েছেন সিজেপি'র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে (Abhijeet Dipke)। শনিবার যন্তর মন্তরের আন্দোলনের ছবি পোস্ট করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি অপর একটি পোস্টে তিনি লেখেন, 'ওরা ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রামের অফিসিয়াল পেজটি সরিয়ে দিয়েছে। কী কাপুরুষ!' যদিও সরাসরি কাউকে নিশানা করেননি অভিজিৎ। 

সিজেপি (CJP) আগেই জানিয়েছিল স্বাধীনতা দিবসের দিন 'স্কুল বাঁচাও কর্মসূচি' শুরু করবেন তারা। অভিজিৎ নিজের গ্রামে গিয়েছেন। তিনি জানান, আমরা দেশের পরিকাঠামোহীন হাজার হাজার স্কুলে যাওয়ার কর্মসূচি নিয়েছি। আমরা সরকার এবং স্কুল কর্তৃপক্ষকে বলব, শিক্ষার প্রয়োজনীয় পরিকাঠামোর ব্যবস্থা করতে হবে। কীভাবে এই কর্মসূচির রূপায়ণ হবে তা নিয়েও নিজেদের চিন্তাভাবনার কথা জানিয়ে দিয়েছে ককরোচ পার্টি। তবে ঠিক কী কারণে স্বাধীনতা দিবসের দিন আরশোলাদের ইনস্টা হ্যান্ডেল অচল করে দেওয়া হল তা স্পষ্ট নয়। তবে রাজধানীতে যেভাবে সিজেপির আন্দোলনের রেশ গোটা দেশে ছড়িয়ে পড়েছিল এবং তার জেরে যথেষ্ট ব্যাকফুটে যেতে হয় কেন্দ্রের সরকারকে তার থেকেই স্পষ্ট যে অভিজিৎ-সৌরভরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করতেই এবার তাঁদের আটকানোর চেষ্টা সম্ভবত শুরু হয়ে গেল, অন্তত এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।