ডিএমকে সরকারের আমলে কৃষক ও শিক্ষকদের বিরুদ্ধে হওয়া সব মামলা প্রত্যাহার করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি। বুধবার তাঁর বক্তব্য, “আমার সরকার যে কোনও পরিস্থিতিতে কৃষক এবং শিক্ষকদের সঙ্গে থাকবে। কৃষক এবং শিক্ষক সকলেই নিজেদের ন্যায্য দাবিতে আন্দোলন করেছিলেন। এই মামলা প্রত্যাহারের ফলে গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী হল।”

এদিন সে রাজ্যের বিধানসভায় ডিএমকে সরকারের আমলে হওয়া সব মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করে বিজয় বলেন, এই মামলাগুলি মূলত ২০২১-২০২৬ সালের মধ্যে হয়েছিল। এই সব মামলার জন্য বহু অন্নদাতা এবং শিক্ষককে সমস্যায় পড়তে হয়েছে। এখনও তাঁরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। 

সরকারি বিভিন্ন প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ এবং কৃষিজমি ও প্রাকৃতিক সম্পদ রক্ষার দাবিতে একাধিক জায়গায় আন্দোলনে নেমেছিলেন কৃষকরা। তিরুভন্নামালাই জেলায় প্রস্তাবিত SIPCOT শিল্পপার্কের বিরুদ্ধে আন্দোলন করা কৃষকদের একাংশের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছিল। এমনকী কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল বলে জানা গিয়েছে।

অন্যদিকে, পরন্দুরে প্রস্তাবিত বিমানবন্দর প্রকল্পের বিরুদ্ধেও কৃষকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। কৃষিজমি, জলসম্পদ এবং কর্মসংস্থানের উপর প্রভাব পড়ার আশঙ্কায় প্রকল্পের বিরোধিতা করেছিলেন স্থানীয়রা। সেই আন্দোলনেও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল এবং সেগুলির কিছু এখনও বিচারাধীন রয়েছে।

মুখ্যমন্ত্রীর ঘোষণার পর এই ধরনের শান্তিপূর্ণ আন্দোলনের জেরে আইনি মামলায় জড়িয়ে পড়া কৃষকদের বড়সড় স্বস্তি মিলতে পারে। অন্যদিকে, কৃষক ও শিক্ষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের ঘোষণার পর এবার NEET-বিরোধী আন্দোলনের মামলাগুলিও প্রত্যাহারের দাবি তুলেছে CPI।