ফের আন্দোলনের পথে নামতে চলেছেন সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)।  লাদাখের ( Ladakh) স্থানীয় প্রশাসনের অধিকার রক্ষার দাবিতে ফের সরব হলেন তিনি। সেইসঙ্গে কেন্দ্রের কাছে নির্দিষ্ট লিখিত আশ্বাসের দাবি জানিয়ে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ‘লেহ চলো আন্দোলন’-এর ডাক দিলেন সোনম। তাঁর হুঁশিয়ারি, নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্র সরকার লাদাখবাসীর দাবির বিষয়ে স্পষ্ট আশ্বাস না দিলে আন্দোলন আর শুধু লাদাখে সীমাবদ্ধ থাকবে না, তা দেশজুড়ে ছড়িয়ে পড়তে পারে।

আরও পড়ুন: ব্রিকস সংস্কারে বড় ঘোষণা, গ্লোবাল সাউথকে নেতৃত্ব দেওয়ার বার্তা মোদির

 

দিল্লি ( Delhi) থেকে দেওয়া এক ভিডিয়ো বার্তায় ওয়াংচুক জানিয়েছেন, তিনি রাজধানীতে নতুন করে ধর্না বা অনশনে বসতে আসেননি। লাদাখের জল, জঙ্গল, জমি ও সংস্কৃতি রক্ষার বিষয় নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে লাদাখের প্রতিনিধিদের আলোচনার জন্যই তিনি দিল্লিতে রয়েছেন। তাঁর বক্তব্য, লাদাখের প্রতিনিধিরা সরকারের কাছে খুবই সাধারণ এবং যুক্তিসঙ্গত একটি আশ্বাস চেয়েছেন। সেইসঙ্গে ওয়াংচুকের দাবি, লাদাখবাসীর কিছু দাবি সরকারের হাতে লিখিত আকারে তুলে দেওয়া হয়েছে। সেই দাবিগুলি নিয়ে কোনওরকম আপস করা হবে না।


তাঁর বক্তব্য অনুযায়ী, আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে কেন্দ্র এই আশ্বাস দিলে ১৯ থেকে ২৪ সেপ্টেম্বরের প্রস্তাবিত পদযাত্রা লাদাখের জন্য প্রাণ দেওয়া মানুষদের স্মরণে ‘স্মারক পদযাত্রা’ হিসেবেই পালিত হবে। কিন্তু সেই আশ্বাস না মিললে ১৯ সেপ্টেম্বর থেকেই আন্দোলন আরও বড় আকার নেবে। দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে সঙ্গে নিয়ে লাদাখের ন্যায্য অধিকারের দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

২০১৯ সালে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়। তারপর থেকেই পূর্ণ রাজ্যের স্বীকৃতি নিয়ে সরব সেই অঞ্চলের বাসিন্দারা। দীর্ঘদিন ধরেই লাদাখের মানুষ দাবি করেছেন, পূর্ণ রাজ্য হিসাবে স্বায়ত্তশাসনের অধিকার দেওয়া হোক তাঁদের। লাদাখের রাজনৈতিক ও সাংবিধানিক অধিকারের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালাচ্ছে ‘লেহ অ্যাপেক্স বডি’ এবং ‘কারগিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স’। লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া এবং সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করার দাবিও রয়েছে তাদের অন্যতম প্রধান দাবির তালিকায়। ওয়াংচুকের অভিযোগ, বিশেষ করে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের প্রতি কেন্দ্রের আচরণ যথেষ্ট সংবেদনশীল নয়। লাদাখের মানুষের বৈধ দাবিগুলির বিষয়ে কেন্দ্রকে এবার বাস্তব পদক্ষেপ করতে হবে বলেও দাবি তাঁর। এই পরিস্থিতিতে গত ৯ সেপ্টেম্বর দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি উপ-কমিটির সঙ্গে বৈঠক করেন লেহ অ্যাপেক্স বডি এবং কারগিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের প্রতিনিধিরা। লাদাখের প্রশাসনিক স্বায়ত্তশাসন এবং দীর্ঘদিনের রাজনৈতিক দাবিদাওয়া নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়। সেই বৈঠকের কয়েক দিন পরেই ওয়াংচুকের নতুন কর্মসূচির ঘোষণা কেন্দ্রের উপর চাপ আরও বাড়াল।

এর আগে বিভিন্ন আন্দোলনেও সক্রিয় ভূমিকা নিতে দেখা গিয়েছে ওয়াংচুককে। সম্প্রতি শিক্ষাক্ষেত্রে দুর্নীতি ও পরীক্ষার অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে ককরোচ আন্দোলনকে সমর্থন করে দিল্লির যন্তর মন্তরের সামনে অনশনও করেছিলেন তিনি। টানা ২৬ দিন সেই অনশন চলেছিল। তবে লাদাখের বর্তমান দাবিকে সামনে রেখে তিনি ফের অনশনে বসবেন কি না, সে বিষয়ে এখনও কোনও স্পষ্ট ঘোষণা করেননি।