ব্রিকসের (BRICS) সংস্কারে এবার ১০ দফা রোডম্যাপ তৈরির প্রস্তাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। আগামী ব্রিকস সম্মেলনের (BRICS Summit) মধ্যেই সেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এগোনোর বার্তা দিলেন মোদি। একইসঙ্গে আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গ্লোবাল সাউথের (Global South) দেশগুলির আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি তুললেন প্রধানমন্ত্রী।
ব্রিকস সম্মেলনের দ্বিতীয় দিনে বিশ্বনেতাদের সামনে বক্তব্য রাখতে গিয়ে মোদি স্পষ্ট করে দেন, আন্তর্জাতিক ব্যবস্থার বর্তমান ‘ক্ষমতার পিরামিড’ বদলানো প্রয়োজন। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন সংকটের সরাসরি প্রভাব পড়ে গ্লোবাল সাউথের দেশগুলির উপর। কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় সেই দেশগুলিই পিছনের সারিতে থেকে যায়। এই পরিস্থিতির বদলে এমন একটি অংশীদারিত্বের কাঠামো তৈরি করতে হবে, যেখানে প্রতিটি দেশের মতামত ও স্বার্থের সমান গুরুত্ব থাকবে।
আরও পড়ুন: স্কুলে NCC-ব্রতচারী: পড়ুয়াদের মোবাইল-আসক্তি কাটাতে কড়া সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর
এই লক্ষ্যেই ব্রিকসের সংস্কারের জন্য ১০টি প্রস্তাবকে সামনে এনেছেন মোদি। তাঁর প্রস্তাবিত রোডম্যাপের কেন্দ্রে থাকছে তিনটি বিষয়, প্রতিনিধিত্ব, জবাবদিহি এবং নীতি প্রণয়ন।
এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিগুলির একটি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ সংস্কার। মোদির বক্তব্য, এই সংস্কার আর পিছিয়ে দেওয়া যাবে না। এ নিয়ে আলোচনার ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা থাকা প্রয়োজন। পাশাপাশি বিশ্ব অর্থনীতিকে চালিত করা দেশগুলির আন্তর্জাতিক অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও ন্যায্য প্রতিনিধিত্ব থাকা উচিত বলে জানান তিনি।
আরও পড়ুন: EC অন্তর্বর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জোড়াফুলেই লড়বে মমতাপন্থী তৃণমূল, প্রার্থী ২ আসনেই: কল্যাণ
ব্রিকসের অভ্যন্তরীণ কাজের ধারাবাহিকতা নিয়েও নতুন প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রতি বছর সভাপতিত্বকারী দেশ বদলালেও যাতে সংগঠনের কাজ এবং নেওয়া সিদ্ধান্ত থমকে না যায়, তার জন্য একটি স্থায়ী ব্যবস্থার প্রয়োজন বলে জানান তিনি।
এক্ষেত্রে ‘ত্রয়ী’ ব্যবস্থার প্রস্তাব দিয়েছেন মোদি। সিদ্ধান্ত গ্রহণ, নির্দিষ্ট সময়সীমা এবং বাস্তবায়নের অগ্রগতি যাতে ধারাবাহিকভাবে নজরে রাখা যায়, তার জন্য একটি ডিজিটাল ভাণ্ডার তৈরির কথাও বলেছেন তিনি। অর্থাৎ, কোন সিদ্ধান্ত নেওয়া হল, তার বাস্তবায়ন কতদূর এগোল এবং পরবর্তী পদক্ষেপ কী, সবকিছুর নথি এক জায়গায় রাখার পরিকল্পনা হবে।
মোদির বার্তায় তাই শুধু ব্রিকসের সংস্কারের কথা নয়, বদলে যাওয়া আন্তর্জাতিক ব্যবস্থায় গ্লোবাল সাউথের ভূমিকা বাড়ানোর স্পষ্ট ইঙ্গিতও রয়েছে। তাঁর বক্তব্য, নিয়ম চাপিয়ে দেওয়ার পুরনো কাঠামোর বদলে এমন একটি বিশ্বব্যবস্থা প্রয়োজন, যেখানে নিয়ম তৈরি হবে সকলকে সঙ্গে নিয়েই। আর সেই পরিবর্তনে নেতৃত্ব দেওয়ার জন্য ভারত প্রস্তুত।
















