ফের আইফোনের ইএমআই (EMI)। মহারাষ্ট্রের মর্মান্তিক ঘটনার পরে দিল্লিতে (Delhi) যমুনা (Yamuna) নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের। পেশায় নৃত্যশিল্পী ও মালি দীপক কুমার নামে ওই যুবককে দ্রুত উদ্ধার করে পুলিশ। ফলে অল্পের জন্য বেঁচে গিয়েছেন তিনি।

পুলিশ সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব দিল্লির ওখলার বাসিন্দা দীপক পেশায় নৃত্যশিল্পী ও শিক্ষক। সঙ্গে মালির কাজও করে তিনি। তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে। দীপক পুলিশকে (Police) জানান, ইদানীং তাঁর রোজগার কমে গিয়েছিল। ফলে কয়েকমাস আগে কেন আইফোনের ইএমআই-এর টাকা জোগাড় হচ্ছিল না। দুশ্চিন্তায় মানসিক অবসাদে আত্মহত্যার সিদ্ধান্ত নেন তিনি। 

রাত সাড়ে ৮টা নাগাদ বাড়িতে স্ত্রী ও দুই সন্তানকে রেখে যমুনায় ঝাঁপ দেন দীপক কুমার। তবে, তাঁকে ঝাঁপ দিতে দেখে ফেলেন এলাকায় টহলদারির দায়িত্বে থাকা কয়েক জন পুলিশকর্মী। ঘটনাস্থলে পৌঁছে জল-কাদা থেকে যুবককে উদ্ধার করা হয়। হাসপাতালে ভর্তি করায় এ যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছেন যুবক। থানায় নিয়ে গিয়ে তাঁর কাউন্সেলিংয়েরও (Counseling) বন্দোবস্ত করে পুলিশ। পরে তাঁর স্ত্রী ও শ্যালককের সঙ্গে দীপককে বাড়ি পাঠানো হয়।

শনিবার, যখন যমুনায় ঝাঁপ দিতে গিয়েছেন দীপক, তখনই  মহারাষ্ট্রের (Maharastra) শম্ভজিনগরে আইফোনের ইএমআই-এর গোলমালের জেরে একই পরিবারের তিনজনের মৃত্যুর খবরে তোলপাড় সমাজ মাধ্যম। আইফোনের  (I-Phone) ইএমআই-এর টাকা না পেয়ে আত্মহত্যা করতে পাহাড়চূড়ায় উঠেছিলেন ১৮ বছরের কুণাল। তাঁকে আটকাতে গিয়ে খাদে পড়ে ছেলের সঙ্গেই প্রাণ হারান কুণালের বাবাও। স্বামী-পুত্রকে চোখের সামনে পাহাড় থেকে পড়ে যেতে দেখে ঝাঁপ দেন মা-ও। আইফোনের ইএমআই-এর জেরে ঝরে যায় তিনটি প্রাণ।