সিকিমের (Sikkim) নামচি জেলার সামারদুং এলাকার তিস্তা স্টেজ-৬ জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ সুড়ঙ্গে ধস নেমে বিপর্যয়ের ঘটনায় মৃতের সংখ্যা কুড়ি ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবারের এই দুর্ঘটনায় ইতিমধ্যেই ১২ জনের মৃত্যু হয়েছে। এগারোজন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির বাসিন্দা বলে জানা গিয়েছে। বুধবার সকালেও বৃষ্টি দুর্যোগ মাথায় নিয়ে চলছে উদ্ধারকাজ। ধসের জেরে বন্ধ সুড়ঙ্গের মুখ। কোনভাবেই ভিতরে আটকে পড়া শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। প্রশাসনিক সূত্রে খবর, সুড়ঙ্গের ভিতরে আরও পাঁচ-ছ’জনের মৃত্যু হয়েছে বলে মনে করছেন এনডিআরএফ (NDRF ) সদস্যেরা।

সোমবার সিকিমের সুড়ঙ্গ বিপর্যয়ের তদন্তে প্রাথমিকভাবে উঠে এসেছে মিথেন গ্যাস লিক তত্ত্ব। এই বিষাক্ত গ্যাসের কারণেই বিস্ফোরণ হয় নির্মীয়মান টানেলে। শ্রমিকদের পাশাপাশি আটকে পড়েন ইঞ্জিনিয়াররাও। মঙ্গলের পর বুধের সকাল থেকেও বৃষ্টি মাথায় নিয়ে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে এনএইচপিসি, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF), জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF), সিকিম পুলিশ, দমকল-সহ বেশ কয়েকটি উদ্ধারকারী দল। ইতিমধ্যেই সিকিম সরকারের (Sikkim Government) তরফে মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। আহতদের পরিবারকে দেওয়া হবে ৫০ হাজার। কেন্দ্রের তরফে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের পঞ্চাশ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পাশাপাশি এই বিপর্যয়ের সঠিক কারণ খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।