ভারী বৃষ্টিপাতের জেরে বিপর্যস্ত রাজধানী দিল্লি (Delhi)। এর জেরে শুক্রবার জলমগ্ন পরিস্থিতি তৈরী হয় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (Indira Gandhi International Airport) বিমানবন্দরের টার্মিনাল ৩-এর বাইরের অংশ। শুধু বিমানবন্দরের ( Airport) প্রবেশপথ নয়, টার্মিনালের ভিতরের কয়েকটি অংশেও জল ঢুকে পড়ে। জল সরানোর জন্য ইতিমধ্যেই অতিরিক্ত কর্মী মোতায়েন করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বৃষ্টির প্রভাব পড়েছে বিমান পরিষেবাতেও। ইন্ডিগোর ( Indigo) তরফে জানানো হয়েছে, দিল্লির খারাপ আবহাওয়ার কারণে উড়ানসূচিতে প্রভাব পড়েছে। শুক্রবার যাঁদের বিমান (Flight) রয়েছে, তাঁদের বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগে সংস্থার ওয়েবসাইট বা অ্যাপে উড়ানের সর্বশেষ পরিস্থিতি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি রাস্তায় জল জমে যান চলাচল ধীর হতে পারে বলে হাতে অতিরিক্ত সময় নিয়ে বেরোনোর পরামর্শ দিয়েছে বিমান সংস্থা।
অন্যদিকে দিল্লির একাধিক এলাকাতেও জল জমেছে ভারী বৃষ্টির জেরে। জারি হয়েছে হলুদ সতর্কতা (Yellow Alert)। নিচু এলাকা এবং আন্ডারপাসে জল জমার পাশাপাশি যান চলাচল ও গণপরিবহণে বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সময় বিদ্যুতের খুঁটি ও তারের কাছাকাছি না যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দুপুর ২টা ১৫ মিনিট থেকে বিকেল ৪টা ১৫ মিনিটের মধ্যে দিল্লির বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ ও ঝড়ের সম্ভাবনা ছিল। বিচ্ছিন্ন ভাবে ভারী বৃষ্টিও হতে পারে বলে জানানো হয়। তবে সন্ধ্যা ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ফের এক দফা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী কয়েক ঘণ্টায় কোথাও কোথাও ৫০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
















