রাহুল গান্ধীর ধর্নার জেরে চাপের মুখে অবশেষে গত ২০ জুলাই যন্তর মন্তরে আয়োজিত বিক্ষোভের সময় পেলেট গান ব্যবহারের অভিযোগের প্রেক্ষিতে দিল্লি পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর সংশ্লিষ্ট ধারায় এফআইআর (FIR) দায়ের করল। শুক্রবার সকালে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ছররা গুলিতে আক্রান্তকে নিয়ে পার্লামেন্ট স্ট্রিট থানায় ধর্নায় বসেছিলেন।
এ দিন সকালে ১৯ বছর বয়সী সাহিল লোচাব নামক আহত যুবককে নিয়ে থানায় হাজির হন রাহুল গান্ধী। থানার আধিকারিকরাও চমকে যান রাহুলকে দেখে। তিনি বলেন যে, গত ২০ জুলাই ছাত্রদের সংসদ চলো অভিযানের সময় র্যাফের ছররা গুলি চালানোর ঘটনায় এফআইআর দায়ের করতে হবে। কিন্তু দীর্ঘসময় পুলিশ কোনও অভিযোগই নিতে চায়নি। রাহুল পুলিশকে মামলা নথিভুক্ত করার জন্য চাপ দিয়েছিলেন। বলেছিলেন, এফআইআর দায়ের না হওয়া পর্যন্ত তিনি সেখান থেকে সরবেন না। তারপরেই রাহুলের অভিযোগে দায়ের হয় এফআইআর।
নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষাব্যবস্থায় অনিয়মের অভিযোগে ককরোচ জনতা পার্টির ডাকে ২০ জুলাই দিল্লির যন্তর মন্তরে বড়সড় ছাত্র আন্দোলন হয়। 'সংসদ চলো' কর্মসূচিকে কেন্দ্র করে প্রতিবাদকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও নিরাপত্তাবাহিনী লাঠিচার্জ, কাঁদানে গ্যাস-সহ একাধিক পদ্ধতি ব্যবহার করে বলে অভিযোগ ওঠে। আন্দোলনের পরে একাধিক পড়ুয়া ও পুলিশকর্মী আহত হন। এর পরেই পুলিশের বিরুদ্ধে পেলেট ব্যবহারের অভিযোগ সামনে আসে। আন্দোলনকারীদের দাবি, নিরাপত্তাবাহিনীর ছোড়া পেলেটের আঘাতে তাঁরা জখম হয়েছেন। যদিও দিল্লি পুলিশ প্রথম থেকেই দাবি করে আসছে, পুলিশ শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার করেছে-এমন অভিযোগ বিভ্রান্তিকর।
















