মধ্যপ্রদেশে (Madhya Pradesh) ভয়াবহ দুর্ঘটনা। আগার মালওয়া জেলার নালখেদায় (Nalkheda) কালভার্ট পার হওয়ার সময় খরস্রোতা নালায় পড়ে যায় পুণ্যার্থীদের গাড়ি (Pilgrims' vehicles)। শুক্রবার গভীর রাতে ঘটে যাওয়া ওই দুর্ঘটনায় ৮ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতদের মধ্যে তিন শিশু, তিন পুরুষ এবং দুই মহিলা রয়েছেন।

দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে থাকা সাত জন ওড়িশার বাসিন্দা। এবং গাড়ির চালক ছিলেন মধ্যপ্রদেশের বাসিন্দা। উজ্জয়িনী থেকে তাঁরা নালখেদার মা বগলামুখী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। পুজো সেরে ফেরার পথেই বিপত্তি ঘটে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রাতের অন্ধকারে তীব্র স্রোতের মধ্যে তাড়াহুড়ো করে কালভার্ট পার হওয়ার চেষ্টা করেছিলেন চালক। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি নালায় পড়ে যায়।

ঘটনার সময় ওই এলাকায় পরিস্থিতি ছিল প্রতিকূল। গত ২৪ ঘণ্টায় প্রায় চার ইঞ্চি বৃষ্টি হওয়ায় নালায় জলের পরিমাণ এবং স্রোত দুটোই বেড়ে গিয়েছিল। বগলামুখী মন্দিরে যাওয়ার পথে ওই কালভার্টটিই মূল যোগাযোগের রাস্তা। ফলে অতিরিক্ত জলের চাপে রাতের বেলায় কালভার্ট পার হওয়া ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল।

দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ও প্রশাসনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। নালা থেকে গাড়িটি উদ্ধার করা হয়। আগার মালওয়ার পুলিশ সুপার দিলীপকুমার সোনি জানিয়েছেন, মৃতদের পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া চলছে। সারা বছরই বগলামুখী মন্দিরে ভিন রাজ্য থেকেও বহু পুণ্যার্থীর সমাগম হয়। ফলে দুর্ঘটনার পর ওই পথে নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।