বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়েতে সামান্য গাড়ির সংঘর্ষের জেরে প্রকাশ্য রাস্তায় ৯ জন যুবকের তাণ্ডবের অভিযোগ উঠল। অভিযোগ, এক ব্যক্তিকে তাঁর স্ত্রী ও মাত্র ১০ মাসের শিশুসন্তানের সামনেই গাড়ি থেকে জোর করে টেনে বের করে বেধড়ক মারধর করা হয়। আতঙ্কে কাঁদতে কাঁদতে হামলাকারীদের কাছে স্বামীকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানান স্ত্রী। এমনকি পরিবারের প্রাণ বাঁচাতে নিজের সমস্ত সোনার গয়নাও দিয়ে দেওয়ার প্রস্তাব দেন বলে অভিযোগ। তবু হামলা থামেনি। ঘটনায় আহত ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ, বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

রবিবার রাত প্রায় সাড়ে ১০টা। স্ত্রী ও ১০ মাসের সন্তানকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন সাগর কুমার। বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়েতে তখন যানবাহনের চাপ ছিল যথেষ্ট। সেই সময় সামনে থাকা একটি গাড়ির সঙ্গে তাঁর গাড়ির সামান্য স্পর্শ লাগে। অভিযোগ, এই ঘটনাকেই কেন্দ্র করে অপর গাড়িতে থাকা কয়েকজন যুবক আচমকাই গাড়ি থেকে নেমে আসেন এবং তাঁরা সাগরের গাড়ি ঘিরে ফেলেন। 

অভিযোগ অনুযায়ী, গাড়ির দরজা খুলে সাগরকে জোর করে বাইরে নামানো হয়। পরিবারের সামনেই তাঁর উপর চড়াও হন অভিযুক্তরা। গাড়ির ভিতরে বসে থাকা স্ত্রী বারবার অনুরোধ করেন, কোনও রকমে যেন তাঁর স্বামীকে ছেড়ে দেওয়া হয়। আতঙ্কে তিনি নিজের কাছে থাকা গয়নাও নিয়ে যেতে বলেন বলে অভিযোগ। কিন্তু সেই আবেদনেও হামলা থামেনি। 

হাসপাতালে চিকিৎসাধীন সাগর পরে এক সংবাদমাধ্যমকে জানান, ‘‘ওরা (যুবকেরা) আমাকে, স্ত্রীকে এবং সন্তানকে মারধর করেছে। আমার স্ত্রী জোড়হাত করে হামলাকারীদের কাছে ক্ষমাও চান। এটাও বলে যে, আমার সমস্ত সোনার গয়না আপনারা নিয়ে নিন। কিন্তু আমাদের ছেড়ে দিন। তার পরেও হামলা চলে।’’ ঘটনার পর তিনি পুলিশের দ্বারস্থ হন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের পরিচয় নিশ্চিত করে দ্রুত গ্রেফতারের জন্য তল্লাশি চালানো হচ্ছে।