চরম হতাশাজনক সরকারি পরিষেবা! দুর্ঘটনাগ্রস্ত এক ব্যক্তিকে অ্যাম্বুল্যান্সে নিয়ে আসার সময়ে গাড়ির গায়ে লেগে গিয়েছে রক্ত। কিন্তু এবার ওই ব্যক্তির স্ত্রীকে দিয়ে সাফ করানো হল ওই অ্যাম্বুল্যান্স। মধ্যপ্রদেশের কাটনি জেলার এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে (যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)। জানা গিয়েছে, মধ্যপ্রদেশের (Madhyapradesh) কাটনির একটি গ্রামে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন ৩২ বছরের এক যুবক। প্রথমে সরকারি অ্যাম্বুল্যান্সের মাধ্যমে জেলার সরকারি হাসপাতালে আনা হলেও অবস্থার অবনতি হলে তাঁকে জবলপুরে চিকিৎসার জন্য রেফার করা হয়। রোগীকে নিয়ে যাওয়ার আগে অ্যাম্বুল্যান্সে তোলার সময়ে অ্যাম্বুল্যান্স চালক টাকা চান বলে অভিযোগ করা হয়েছে। শুধু তাই নয়, একটু রক্ত লেগে যাওয়ায় অ্যাম্বুল্যান্স পরিষ্কার করতে বলা হয় ওই ব্যক্তির স্ত্রীকে। অভিযুক্ত অ্যাম্বুল্যান্স চালকের নাম দেবা সাহু (Deba Sahu) এবং টেকনিশিয়ানের নাম মোহন খটিক (Mohan Khatik)।
ভিডিয়োতে স্পষ্ট দেখা যাচ্ছে, এক মহিলা অ্যাম্বুল্যান্সটি সাফ করছেন। ওই মহিলা দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তির স্ত্রী। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ভাইরাল হতেই নিন্দার ঝড় বয়ে যায় গোটা দেশজুড়ে। সূত্রের খবর, কাটনি জেলা হাসপাতাল কর্তৃপক্ষ অ্যাম্বুল্যান্সের চালক ও টেকনিশিয়ান নোটিশ পাঠিয়েছে। ডায়াল-১০৮ সরকারি অ্যাম্বুল্যান্সের পরিষেবা দেওয়া সংস্থাটিকেও নোটিশ পাঠানো হয়েছে। কতটা পাশবিক মানসিকতার হলে এমন বিপদের সময়ে দ্রুত হাসপাতালে না নিয়ে গিয়ে স্ত্রীকে দিয়ে এভাবে গাড়ি পরিষ্কার করানো যায় এই নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।
-
-
-
-
-
-
-
-
















