পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে পঞ্জাবে অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর হরজিৎ সিং খুনের ঘটনায় অন্যতম অভিযুক্তের মৃত্যু। নিহতের নাম দীপক সিং। অমৃতসরের মুলচকের বাসিন্দা দীপকের বিরুদ্ধে শুক্রবার রাস্তায় পুলিশকর্তাকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগ ছিল।পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ, টাওয়ার ডাম্পের তথ্য এবং গোয়েন্দা সূত্রের ভিত্তিতে দীপকের গতিবিধির সন্ধান পান তদন্তকারীরা। শনিবার রাতে তাঁর অবস্থান সম্পর্কে খবর পেয়ে একটি চেকপয়েন্টে নজরদারি বাড়ানো হয়।

পুলিশের দাবি, রাত পৌনে ১০টা নাগাদ দীপক ও তাঁর এক সহযোগী ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বাহিনীকে লক্ষ্য করে গুলি চালান।আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। গুলির লড়াইয়ে গুরুতর জখম হন দীপক। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তবে তাঁর সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে একটি .৩০ বোরের পিস্তল, দু’টি ম্যাগাজিন, আটটি কার্তুজ, একটি মোবাইল ফোন এবং একটি স্কুটার উদ্ধার হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে আরও দাবি, দীপকের সঙ্গে পাকিস্তানভিত্তিক একটি জঙ্গি সংগঠনের যোগাযোগ ছিল। টাকার বিনিময়ে ওই সংগঠনের নির্দেশেই পুলিশকর্তার উপর হামলা চালানো হয়েছিল কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার সঙ্গে যুক্ত অন্যান্যদের সন্ধানেও তদন্ত চলছে।