খুচরো টাকা হোক বা বড় কোনও পেমেন্ট, UPI ব্যবহার করে কাউকে টাকা পাঠানো এখন সব প্রজন্মের কাছেই খুব সহজ আর সাবলীল বিষয়। কিন্তু ডিজিটাল ভারতে অনলাইনে পেমেন্ট করতে গিয়ে যদি অতিরিক্ত টাকা গুনতে হয় তাহলে? সম্প্রতি লোকসভায় নয়া বিল পাশ হতেই আমজনতার মধ্যে বাড়ছে জল্পনা।  

কেন্দ্র সরকারের অর্থ মন্ত্রক সংসদে পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৭  পেশ করেছে। এই বিলে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) চালুর প্রস্তাব রাখা হয়েছে। বলা হয়েছে ২ হাজার টাকার বেশি বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে এমডিআর প্রযোজ্য হতে পারে। এখন প্রশ্ন  MDR কী?এটি ডিজিটাল পেমেন্ট গ্রহণের ক্ষেত্রে ব্যবসায়ীর উপর ধার্য হওয়া একটি ফি। অর্থাৎ, কোনও গ্রাহক ১০০ টাকার পণ্য কিনলে এবং সেখানে ১ শতাংশ MDR থাকলে, ব্যবসায়ীর কাছে পুরো ১০০ টাকা না গিয়ে নির্দিষ্ট অংশ পেমেন্ট সিস্টেমের সঙ্গে যুক্ত সংস্থা বা ব্যাঙ্কের কাছে যেতে পারে। ডিজিটাল পেমেন্টকে আরও জনপ্রিয় করতে ২০২০ সালের জানুয়ারি থেকে UPI এবং RuPay ডেবিট কার্ডের ক্ষেত্রে এই এমডিআর জিরো করা হয়। কেন্দ্রের তরফ থেকে যে বিল পাশ করানো হয়েছে তাতে স্পষ্ট করে বলা আছে যে ব্যবসায়িক লেনদেনের সঙ্গে যাঁরা যুক্ত এই নতুন নিয়ম তাঁদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। সাধারণ গ্রাহকদের উপর এর কোনও প্রভাব পড়বে না।  অর্থাৎ এখনই UPI লেনদেনে সাধারণ গ্রাহকদের কোনও অতিরিক্ত চার্জ দিতে হচ্ছে না।