ফের প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বড়সড় গরদ। নরেন্দ্র মোদির মুম্বই সফরের আগে অনুষ্ঠানস্থলের নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্ন । অনুষ্ঠান শুরুর আগে বন্দুক-সহ দুই সন্দেহভাজনকে আটক করেছে মুম্বই পুলিশ ( Mumbai Police)। তাদের মধ্যে এক জনের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রধানমন্ত্রীর দফতর ( PMO)-র ভুয়ো পরিচয়পত্র। সূত্রের খবর, ধৃত ব্যক্তি নিজেকে PMO-র আধিকারিক বলে পরিচয় দিয়ে অনুষ্ঠানস্থলের উচ্চ নিরাপত্তার এলাকায় প্রবেশের চেষ্টা করেছিল। তখনই আটক করা হয় দুইজনকে।
মঙ্গলবার মুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের নীতা-মুকেশ অম্বানী সাংস্কৃতিক কেন্দ্রে একটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( Narendra Modi)। সেখান থেকেই তিনি উদ্বোধন করবেন ‘গ্লোবাল ফিনটেক ফিটনেস’ নামে একটি অনুষ্ঠানের। আর সেই অনুষ্ঠান শুরুর আগেই সভাস্থল থেকে আগ্নেয়াস্ত্র- সহ আটক করা হয়েছে দুজনকে।
পুলিশ সূত্রে খবর, রোহান পারেখ নামে এক যুবককে এদিনের অনুষ্ঠানস্থলে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা তাঁর পরিচয় এবং অনুষ্ঠানে আসার কারণ জানতে চান। তখনই তিনি নিজেকে ‘PMO-র কর্তা’ বলে পরিচয় দেন। সেইসঙ্গে একটি PMO-র পরিচয়পত্র দেখান। পরিচয়পত্রটি যাচাই করতে গিয়ে নিরাপত্তাকর্মীদের সন্দেহ আরও বাড়ে। পরে সেটি দেখা যায় পরিচয়পত্রটি ভুয়ো। এরপরই ওই যুবককে আটক করা হয়। সেইসঙ্গে আটক করা হয় ওই যুবকের সাথে থাকা দেহরক্ষীকে। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
তবে কেন ভুয়ো PMO পরিচয়পত্র নিয়ে এবং আগ্নেয়াস্ত্র-সহ তাঁরা প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে প্রবেশের চেষ্টা করেছিলেন, সেটিই এখন তদন্তকারীদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে মুম্বই পুলিশের ( Mumbai Police) অপরাধদমন শাখা। ধৃতদের মোবাইল ফোন, পরিচয়পত্র এবং তাদের কাছ থেকে উদ্ধার হওয়া অন্যান্য সামগ্রী খতিয়ে দেখা হচ্ছে। তাঁদের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছেন কি না, সেই সম্ভাবনাও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা।
















