মহারাষ্ট্রের অমরাবতী জেলা মহিলা হাসপাতালে ভয়াবহ আগুন।সোমবার ভোরে  নবজাতকদের স্পেশাল কেয়ার ইউনিটে আগুন লাগে। আগুনে পুরে মর্মান্তিক মৃত্যু ৩ শিশুর। সূত্রের খবর, স্পেশাল কেয়ার ইউনিটের ভিতরে থাকা একটি ভেন্টিলেটরে আচমকা বিস্ফোরণ ঘটে। যার জেরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সোমবার ভোর সাড়ে ৩টে নাগাদ অমরাবতী জেলা মহিলা হাসপাতালের চারতলায় আচমকা একটি ভেন্টিলেটরে বিস্ফোরণ হয়। হাসপাতালের সদ্যোজাতদের বিশেষ ইউনিটের (এসএনসিইউ) সামনেই ভেন্টিলেটরটি ছিল। ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে শিশুদের ওয়ার্ডে। আগুনে তিন নবজাতক গুরুতর ভাবে অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে,  তৃতীয় তলে নবজাতকদের জন্য বরাদ্দ নিবিড় পরিচর্যা কেন্দ্র অর্থাৎ এনআইসিইউতে একটা বিস্ফোরণের শব্দ শোনা যায় তারপরই আগুন লেগে যায়। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে ভেন্টিলেটরে হঠাৎ শর্ট সার্কিট হওয়ায় একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং অল্প সময়ের মধ্যেই ধোঁয়া ও আগুন পুরো ওয়ার্ডে ছড়িয়ে পড়ে।

 এই ঘটনা ঘটার পরই কর্তব্যরত ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা ছুটোছুটি শুরু করে দেন। শিশুদের বাঁচাতে অত্যন্ত সতর্কতার সঙ্গে তৎপরতা শুরু করেন সকল স্তরের স্বাস্থ্য কর্মীরা। আগুন ও ধোঁয়ার মধ্যে কয়েকজন শিশু গুরুতরভাবে জখম হয়। শেষ পর্যন্ত তিন শিশুকে বাঁচানো সম্ভব হয়নি। আগুনে আহত হয়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এদিকে আরও ছয় সদ্যোজাতকে দ্রুত সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। তবে তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। 

খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলি্শ ও দমকল। অগ্নি নির্বাপণ ব্যবস্থা ঠিক ছিল কিনা বা প্রযুক্তিগত ত্রুটি ছিল কি না এবং আগুন লাগার পর উদ্ধারকাজে কোনও সমস্যা হয়েছিল কি না সেসব খতিয়ে দেখা হচ্ছে।