এই না হলে বিজেপির দাপট। বিজেপি বিধায়ক রাম নিবাস শাহের গাড়ি ধোয়ার কাজে ব্যবহৃত হচ্ছে দমকলের গাড়ি। এই ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় (ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ)। প্রশ্ন উঠছে ব্যক্তিগত প্রয়োজনে সরকারি সম্পদ কি এভাবে ব্যবহার করা যায়? এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

ঘটনাটি মধ্যপ্রদেশের সিঙ্গরৌলির। মঙ্গলবার ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, দমকল বাহিনীর তিনজন কর্মী ফায়ার ইঞ্জিনের সঙ্গে যুক্ত হোস পাইপ ব্যবহার করে বিধায়কের ইনোভা গাড়িতে জল দিচ্ছেন। বিলঞ্জিতে শাহের সরকারি বাসভবনের বাইরে রাস্তায় গাড়িটি পার্ক করা ছিল।

এদিকে, শাহ ভিডিওটি কথা স্বীকার করেছেন। জানিয়েছেন, গাড়িটি জল ভরার জন্য মেয়র-চেয়ারম্যানের বাড়িতে গিয়েছিল এবং কাকতালীয়ভাবেই সেখানে পার্ক করা ছিল।

রাম নিবাস আরও বলেন, "আমরাও ভিডিওটি দেখেছি। কোনো বিধায়ক বা সাংসদ নিজের গাড়ি নিজে ধোয়ান না। চালক জানালেন, জলের ট্যাঙ্ক ভরার জন্য দমকলের গাড়িটি মেয়র বা চেয়ারম্যানের বাড়িতে গিয়েছিল। গাড়িটি সেখানে দাঁড়িয়ে থাকায় তিনি তার ওপর সামান্য জল ছিটিয়ে দিয়েছিলেন। আমি চালককে বলেছিলাম যে এসব করা ঠিক নয়।"

বিজেপি বিধায়কের বিরুদ্ধে সরব হয়ে মধ্যপ্রদেশের বিরোধী দলনেতা উমঙ্গ সিঙ্গার বলেন, "সাধারণ মানুষের বাড়িতে আগুন লাগলে তা নেভাতে দমকলের গাড়ি পৌঁছোতে ব্যর্থ হয়। অথচ এখানে সিঙ্গরৌলিতে বিজেপি বিধায়ক দমকলের গাড়ি তাঁর ব্যক্তিগত গাড়ি ধোয়ার কাজে ব্যবহার করছেন।" 
ব্যক্তিগত প্রয়োজনে সরকারি সম্পদের ব্যবহারের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনরাও। যদিও কার নির্দেশে দমকলের কর্মীরা সেখানে গিয়েছিলেন কিংবা ঠিক কী পরিস্থিতিতে গাড়িটি ব্যবহার করা হচ্ছিল, তা এখনও স্পষ্ট নয়।