কয়লা কেলেঙ্কারির অভিযোগ থেকে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং অব্যাহতি পেলেন। সিবিআইয়ের সিদ্ধান্ত মেনে নিল সুপ্রিম কোর্ট। প্রায় ১১ বছর ধরে চলা আইনি প্রক্রিয়ার ইতি ঘটল। বিশেষ সিবিআই আদালত তদন্তকারী সংস্থার ক্লোজার রিপোর্ট গ্রহণ করতে অস্বীকার করার পর থেকেই এই মামলার দীর্ঘ আইনি লড়াই শুরু হয়েছিল।
১৪ বছর আগে ২০১২ সালে প্রধানমন্ত্রিত্বের শেষ দিকে এসে কোলব্লক কেলেঙ্কারিরিতে অভিযুক্ত হন ডঃ মনমোহন সিং। সেসময় ওড়িশার তালাবিরা-তে অবৈধভাবে কোলব্লক বণ্টনের অভিযোগ ওঠে তৎকালীন ইউপিএ সরকারের বিরুদ্ধে। অভিযোগ প্রকাশ্যে আসার পর বেশ কিছু কোলব্লক বণ্টন বাতিল করা হয়। ডঃ সিংয়ের সরকারের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ তুলে হল্লা শুরু করে বিরোধীরা। তৎকালীন কয়লামন্ত্রী, সরকারের একাধিক আমলা অভিযুক্ত হন। এমনকী অভিযোগের তির চলে যায় সোজা প্রধানমন্ত্রীর দফতরের দিকে। সেই কয়লা কেলেঙ্কারি থেকে মনমোহন সিংকে রেহাই দিল সুপ্রিম কোর্ট।
দেশের প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ সাফ জানাল, 'সিবিআইয়ের নিম্ন কোনও আদালতেই এই মামলার নিষ্পত্তি হওয়া উচিত ছিল। মনমোহন সিং ২০২৪ সালেই প্রয়াত হয়েছেন। ফলে মামলাটি এমনিও নিষ্ফলা। তাছাড়া মামলায় সিবিআইয়ের ক্লোজার রিপোর্ট খারিজ করার মতো কোনও মজবুত প্রমাণও নেই।" যার অর্থ, মৃত্যুর প্রায় দু'বছর পর কয়লার দাগ থেকে মুক্ত হলেন মনমোহন।
















