কোথায় শ্রমিকদের জন্য বাধ্যতামূলক নিরাপত্তা ব্যবস্থা? অসমের মেটাল প্রসেসিং কারখানায় গলিত ধাতু থেকে ঘটে গেল ভয়াবহ বিস্ফোরণ। কাছাড় জেলার উধারবন্দে এই ঘটনায় মৃত্যু হয়েছে চারজন শ্রমিকের। বিস্ফোরণের ফলে ছিন্নভিন্ন হয়ে যায় তাঁদের দেহ। রবিবার একটি ধাতু প্রক্রিয়াজাতকরণ কারখানায় বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে বিকট শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। শব্দ শোনার পরেই ছুটে গিয়ে স্থানীয় বাসিন্দারা দেখেন বিস্ফোরণের তীব্রতায় ছিন্নভিন্ন হয়ে গিয়েছে শ্রমিকদের দেহ। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল ওই শ্রমিকদের দেহের বিভিন্ন অংশ।
বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী এসে উদ্ধারকাজ শুরু করে। আহতদের সেখান থেকে পাঠানো হয় হাসপাতালে। এই ঘটনায় মৃতদের পরিবারগুলিকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করেছে অসম সরকার। জানা যাচ্ছে, চারজন শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। তাঁদের মধ্যে সাগর নাথ নামে এক শ্রমিক ত্রিপুরার আগরতলার বাসিন্দা। এছাড়াও মারা গিয়েছেন অপ্পু বোরাইক, কিরণ মুন্ডা এবং শ্যামল গৌড়। কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার সঞ্জীব সাইকিয়া জানিয়েছেন হঠাৎ কেন এমন হল সেই নিয়ে তদন্ত শুরু হয়েছে। যদিও হঠাৎ যে একেবারেই নয় স্থানীয়রাই সেই কথা তুলে ধরেছেন।
শ্রমিকদের জন্য বাধ্যতামূলক নিরাপত্তা ব্যবস্থা মেনে চলা হয়েছিল কিনা সেটা খতিয়ে দেখতে পুলিশি তদন্ত ও জেলা শ্রম কমিশনারের আলাদা তদন্তের কথা বলা হয়েছে। পাশাপাশি একটি ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। মালিকপক্ষের কাছে বিস্তারিত তথ্য চেয়েছে জেলা প্রশাসন। তবে স্থানীয় বাসিন্দা এবং নিহতদের পরিবার সূত্রে খবর এই প্রথম নয়, আগেও ওই কারখানায় বেশ কিছু ছোটখাটো বিস্ফোরণ হয়েছে কিন্তু তারপরেও টনক নড়েনি কর্তৃপক্ষের।
















