ভারতের রেল যোগাযোগে আসতে চলেছে বড় পরিবর্তন। বহু প্রতীক্ষিত মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন (Mumbai-Ahmedabad Bullet Train) প্রকল্পে এখন পরীক্ষামূলক পরিষেবা শুরুর প্রস্তুতি চলছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের (Railway Minister Ashwini Vaishnaw) দাবি, আগামী বছরের মে-জুনের মধ্যে ট্র্যাকের উপর পরীক্ষামূলক ভাবে বুলেট ট্রেন চালানো সম্ভব হবে। কয়েক মাসের পরীক্ষার পর আগাস্ট-সেপ্টেম্বরে দেশের প্রথম বুলেট ট্রেন পরিষেবা চালুর লক্ষ্যে এগোচ্ছে কেন্দ্র।
তবে শুরুতেই মুম্বই থেকে আহমেদাবাদ পর্যন্ত পুরো রুটে ছুটবে না ট্রেন। প্রথম পর্যায়ে গুজরাটের সুরাট ও বিলিমোরার মধ্যবর্তী প্রায় ৫০ কিলোমিটার অংশকে বেছে নেওয়া হয়েছে। এই অংশে পরীক্ষামূলক যাত্রার মাধ্যমে ট্রেন, ট্র্যাক এবং সংশ্লিষ্ট পরিকাঠামোর কার্যকারিতা যাচাই করা হবে। রেলমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, পরীক্ষার ফল সন্তোষজনক হলে পরবর্তী পর্যায়ে পরিষেবা সম্প্রসারণের পথে এগোনো হবে।
এরই মধ্যে প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ এগিয়েছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি ট্রেনের বগির কাঠামো তৈরির কাজ শেষ হয়েছে। এবার সেই কাঠামোর সক্ষমতা যাচাই করতে ‘স্কুইজ টেস্ট’ করা হবে। নির্দিষ্ট মাত্রার চাপ ও ভার বহনের ক্ষেত্রে কামরাগুলি কতটা নিরাপদ এবং শক্তপোক্ত, এই পরীক্ষায় মূলত সেটিই খতিয়ে দেখা হবে। জাপানের শিনকানসেন প্রযুক্তির আদলে পরিষেবা পরিচালিত হলেও ট্রেনের কাঠামো নির্মাণে ব্যবহার করা হচ্ছে দেশীয় প্রযুক্তি।
প্রকল্পটির গোড়ার পরিকল্পনা হয়েছিল ২০১৭ সালে। ৫০৮ কিলোমিটার দীর্ঘ এই রেলপথে দেশের প্রথম বুলেট ট্রেন চালানোর লক্ষ্য নেওয়া হয়েছিল এবং ২০২৩ সালের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। কিন্তু জমির সমস্যা ও করোনা অতিমারীর কারণে প্রকল্পের কাজ পিছিয়ে যায়। ফলে সময়ের পাশাপাশি বেড়েছে খরচও। পুরো রুট চালু হলে মোট ১২টি স্টেশনে থামবে ট্রেন গুজরাটে ন’টি এবং মহারাষ্ট্রে তিনটি। মুম্বইয়ের স্টেশনটি হবে ভূগর্ভস্থ। যাত্রী নিরাপত্তায় থাকবে অত্যাধুনিক ব্যবস্থাও।
















