তামিলনাড়ুতে সরকারে আসার পর থেকেই একের পর এক সিদ্ধান্ত নিয়ে সবাইকে চমকে দিচ্ছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। এই আবহে মহিলাদের জন্য বড় ঘোষণা তামিলনাড়ু সরকারের (Tamil Nadu Government)। আগামী ২ অক্টোবর, মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী থেকে রাজ্যজুড়ে চালু হতে চলেছে সম্প্রসারিত বিনামূল্যে বাসযাত্রা (Free Bus Service) প্রকল্প ‘ভেট্রি পয়ণম’। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী (Tamil Nadu Chief Minister) সি জোসেফ বিজয় (C Joseph Vijay ) সোমবার সচিবালয়ে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে প্রকল্পের প্রস্তুতি খতিয়ে দেখেন।সরকারি তথ্য অনুযায়ী, এই প্রকল্পে প্রতিদিন প্রায় ৮৪.৩২ লক্ষ মহিলা (Women) উপকৃত হবেন।

আরও পড়ুন: KMC-র 'গেরুয়া' ঘরে বসে 'রোড 'রি-নেমিং কমিটি'র প্রস্তাব খতিয়ে দেখবেন কার্তিক মহারাজ

আগামী ২ অক্টোবর থেকে রাজ্যের নির্দিষ্ট ১২,৬৯২টি সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। রাজ্যের সাতটি সরকারি পরিবহণ সংস্থার মোট ১৮,৪১৩টি নির্ধারিত বাসের মধ্যে প্রায় ৬৯ শতাংশ এই প্রকল্পের আওতায় আসছে। প্রতিদিন মোট ১ লক্ষ ৬৫ হাজার ৩১২টি বাসযাত্রা এই প্রকল্পের অধীনে থাকবে, যা মোট নির্ধারিত যাত্রার প্রায় ৮৫ শতাংশ। আগে সাধারণ শহুরে বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধা থাকলেও এ বার সেই পরিধি আরও বাড়ানো হচ্ছে। শহর ও পুরসভা এলাকার সরকারি এক্সপ্রেস, সীমিত-স্টপ এবং ডিলাক্স বাসেও বিনামূল্যে যাতায়াতের সুবিধা মিলবে। পাশাপাশি মফস্বল ও পাহাড়ি এলাকার সাধারণ সরকারি বাসও এই প্রকল্পের আওতায় থাকবে। ফলে জেলার মধ্যে এবং আন্তঃজেলা যাতায়াতেও মহিলাদের জন্য বাড়তি সুবিধা তৈরি হবে।

সরকারের বক্তব্য, যাতায়াতের খরচের কারণে যাতে কোনও মহিলা কাজ, পড়াশোনা, চিকিৎসা বা প্রয়োজনীয় পরিষেবা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই বিনামূল্যে বাসযাত্রার পরিধি বাড়ানো হয়েছে। বিশেষ করে দূরের কলেজে যাতায়াতকারী ছাত্রী এবং কর্মজীবী মহিলাদের জন্য এই প্রকল্পের সুবিধা বাড়বে বলে মনে করছে রাজ্য সরকার। প্রকল্প চালুর আগে প্রযুক্তিগত প্রস্তুতিও প্রায় শেষ। নির্দিষ্ট বাসগুলিতে বৈদ্যুতিন টিকিট যন্ত্রের সঙ্গে প্রয়োজনীয় সংযোগের কাজ সম্পূর্ণ হয়েছে বলে সরকারি তথ্য জানানো হয়েছে। ২৫ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা ও যাচাইয়ের কাজ শেষ করার পাশাপাশি ২৭ সেপ্টেম্বর পরীক্ষামূলক পরিষেবা চালানোর পরিকল্পনা রয়েছে।

গত ২৪ অগস্ট বিধানসভায় ‘ভেট্রি পয়ণম’ প্রকল্পের সম্প্রসারণের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই ঘোষণায় শহরাঞ্চলের এক্সপ্রেস, সীমিত-স্টপ ও ডিলাক্স বাসের পাশাপাশি মফস্বল এবং পাহাড়ি এলাকার সাধারণ বাসকে প্রকল্পের আওতায় আনার কথা জানানো হয়েছিল। প্রকল্পটি বাস্তবায়নে বছরে প্রায় ৬,০০০ কোটি টাকা খরচ হবে বলেও সে সময় জানানো হয়। সোমবারের পর্যালোচনা বৈঠকে পরিবহণমন্ত্রী এ বিজয় তামিলন পার্থিবন, মুখ্যসচিব এম সাইকুমার, অর্থ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব এম অসিথিক এবং পরিবহণ সচিব ইলা নিথিরমালরাজ-সহ শীর্ষ আধিকারিকেরা উপস্থিত ছিলেন। ২ অক্টোবর প্রকল্পের আনুষ্ঠানিক সূচনার আগে বাকি প্রস্তুতি দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।