ভারত - নিউজিল্যান্ড এই দুই দেশের অর্থনৈতিক বুনিয়াদ আরও মজবুত করার লক্ষ্যে এবার বাণিজ্য চুক্তি ( India-New Zealand Trade Agreement) স্বাক্ষরিত হতে চলেছে। এর ফলে নিউজিল্যান্ডের ব্যবসায়ীদের ভারতের বাজারে সম্ভাবনা যেমন বাড়বে ঠিক তার পাশাপাশি সুস্বাদু ফল আপেল থেকে শুরু করে নিউজিল্যান্ডের তৈরি বিভিন্ন জীবনদায়ী ওষুধ অনেক কম দামে ভারতীয় বাজারে মিলবে বলে আশা করা হচ্ছে। দুই দেশের সম্পর্কের আরও উন্নতি হবে বলেও মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। 

শুক্রবার থেকে নরেন্দ্র মোদির (Narendra Modi) ঐতিহাসিক রাষ্ট্রীয় সফর শুরু হচ্ছে। দীর্ঘ চার দশক পর কোন ভারতীয় প্রধানমন্ত্রী (PM of India) যাচ্ছেন নিউজিল্যান্ডে। এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো দুই দেশের দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর।বৃহস্পতিবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন (New Zealand Prime Minister Christopher Luxon) জানিয়েছেন, চুক্তি কার্যকর হওয়ার প্রথম দিন থেকেই ভারতের বাজারে নিউজিল্যান্ডের মোট রফতানির প্রায় ৫৭ শতাংশ পণ্য সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধা পাবে।নিউজিল্যান্ডের ব্যবসায়িক সম্ভাবনা এক ধাপে অনেকটা বৃদ্ধি পাবে এবং প্রথম দিন থেকেই সেদেশের রফতানির একটা বড় অংশ শুল্কের বোঝা ছাড়াই ভারতের বাজারে প্রবেশ করতে পারবে। অন্যদিকে এই চুক্তির ফলে নিউজিল্যান্ড থেকে কাঠের গুঁড়ি, কয়লা এবং বিভিন্ন ধাতুর টুকরোর মতো প্রয়োজনীয় কাঁচামাল আমদানির ক্ষেত্রে ভারত বাড়তি সুবিধা পাবে। নিউজিল্যান্ডের আপেল থেকে শুরু করে সেখানে তৈরি ওষুধ ভারতীয় বাজারে অনেক কম মূল্যে পাওয়া যাবে। এই সফরের ফলে ভারত এবং নিউজিল্যান্ডের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক এক অন্য মাত্রায় পৌঁছবে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।