নিজের পুরোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নীলেকানি। আইআইটি বম্বে থেকে পড়াশোনা শেষ করার সুবর্ণজয়ন্তী বা ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটিকে ৩১৫ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। দেশের কোনও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রাক্তন কোনও পড়ুয়ার তরফ থেকে দেওয়া এটি অন্যতম সর্ববৃহৎ ব্যক্তিগত অনুদান।
আইআইটি বম্বের জন্য নীলেকানির এই অবদান অবশ্য প্রথম নয়। এর আগে বিভিন্ন সময়ে তিনি প্রতিষ্ঠানটিকে ৮৫ কোটি টাকা অনুদান দিয়েছিলেন। নতুন এই ৩১৫ কোটি টাকা যুক্ত হওয়ায় প্রতিষ্ঠানে তাঁর মোট আর্থিক সহায়তার পরিমাণ দাঁড়াল প্রায় ৪০০ কোটি টাকায়। শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিপুল অর্থ আধুনিক পরিকাঠামো নির্মাণ, প্রযুক্তির নতুন নতুন ক্ষেত্রে গবেষণা জোরদার করা এবং উদ্ভাবনী স্টার্টআপের সহায়ক পরিবেশ তৈরিতে ব্যবহার করা হবে। আইআইটি বম্বের অধিকর্তা অধ্যাপক শুভাশিস চৌধুরী জানান, নীলেকানির এই সহায়তা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনাকে যেমন গতি দেবে, তেমনই আন্তর্জাতিক স্তরে গবেষণার ক্ষেত্রেও প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করবে।
অনুদান ঘোষণার পর সমাজমাধ্যমে একটি আবেগঘন বার্তায় নন্দন নীলেকানি জানান, আইআইটি বম্বে তাঁর কাছে নিছক একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, তাঁর ব্যক্তিত্ব ও কর্মজীবনের ভিত গড়ে উঠেছিল এই ক্যাম্পাসেই। তাঁর বক্তব্য, এই আর্থিক সহায়তা কেবল অনুদান নয়, যে প্রতিষ্ঠান তাঁকে জীবনের পথে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে দিয়েছিল, তার প্রতি এটি এক ধরনের আন্তরিক ঋণস্বীকার। নতুন প্রজন্মের পড়ুয়ারা এই সহায়তায় আরও বড় সাফল্য অর্জন করতে পারবেন বলেই তিনি আশাবাদী।















