শিশুখাদ্যের মানেই নেসলে। বাবা-মা চোখ বন্ধ করে ভরসা করেন নেসলে কোম্পানির পণ্যে (FSSAI Action on Nestle)। এবার সংস্থার তরফে দেখানো পণ্যের বিজ্ঞাপনের বিরুদ্ধে নেসলে (Nestle) ইন্ডিয়ার বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু করল খাদ্য সুরক্ষা ও মান নিয়ন্ত্রক সংস্থা FSSAI। সংস্থার তরফে নেসলের Infant Nutrition, NAN Excella এবং Lactogen- এর ক্ষেত্রে নিয়ম না মানার অভিযোগ তোলা হয়েছে। এর মধ্যে একটি পণ্যের নমুনায় নির্ধারিত মাত্রার তুলনায় কম বায়োটিন পাওয়া গিয়েছে। পাশাপাশি আরও দু’টি পণ্যের একাধিক নিয়ম না মানার অভিযোগ তুলেছে নিয়ন্ত্রক সংস্থা। ইতিমধ্যেই নেসলেকে নোটিশ। 

আরও পড়ুন: কমিশনের অর্ডারের বিরুদ্ধে আদালতে যাব! নাম ও প্রতীক নিয়ে জানালেন কল্যাণ

FSSAI জানিয়েছে, নেসলের শিশুপুষ্টি পণ্য এবং বাণিজ্যিকভাবে ব্যবহৃত প্রচারসামগ্রী খতিয়ে দেখার সময় একাধিক বিষয় নজরে আসে। ন্যান এক্সেলা প্রো স্টেজ ১-এর (NAN Excella Pro Stage 1) ক্ষেত্রে ‘৫ এইচএমও’ এবং ‘হুই প্রোটিন’ সংক্রান্ত দাবি নিয়ে আপত্তি জানিয়েছে সংস্থা। অন্যদিকে, ল্যাক্টোজেন প্রো ১-এর (Lactogen Pro 1) ক্ষেত্রে ব্যবহৃত হে প্রোটিন সহজপাচ্য। সেই দাবি সঠিক নয় বলেই জানিয়েছে সংস্থা।
 
শিশুখাদ্যের প্রচার ও বিজ্ঞাপনের ক্ষেত্রে নির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে। FSSAI বক্তব্য, ন্যান এক্সেলা প্রো স্টেজ ১ এবং ল্যাক্টোজেন প্রো ১-এর প্রচারে করা উল্লিখিত দাবিগুলি ২০২০ সালের শিশুপুষ্টি সংক্রান্ত বিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। পাশাপাশি ১৯৯২ সালের সংশ্লিষ্ট আইনের আওতাতেও শিশুখাদ্যের প্রচার ও বিপণন নিয়ে বিধিনিষেধ রয়েছে বলে জানিয়েছে সংস্থা। 

শুধু প্রচারসামগ্রী নয়, নেসলের একটি ফলো-আপ ফর্মুলার নমুনা নিয়েও আপত্তি উঠেছে। পরীক্ষাগারে ওই নমুনায় নির্ধারিত মাত্রার তুলনায় কম বায়োটিন পাওয়া যায়। পরে নমুনাটি ফের পরীক্ষা করা হলে দ্বিতীয় পরীক্ষাতেও নির্ধারিত মান পূরণ হয়নি। সূত্রের খবর, এই সমস্ত বিষয় সামনে আসার পর নেসলে ইন্ডিয়ার বিরুদ্ধে তিনটি পৃথক বিচারাধীন মামলা শুরু করেছে FSSAI। সংস্থার কাছে সংশ্লিষ্ট দাবিগুলি নিয়ে ব্যাখ্যাও চাওয়া হয়েছে।

 তবে এই মুহূর্তে ওই পণ্যগুলির বিক্রি বন্ধ করার কোনও নির্দেশ দেওয়া হয়েছে বলে এমন তথ্য প্রকাশ্যে আসেনি। আইনি প্রক্রিয়ার পরবর্তী ধাপেই বিষয়টির নিষ্পত্তি হবে। অন্যদিকে, নেসলে জানিয়েছে তারা খাদ্য সুরক্ষা সংক্রান্ত সমস্ত নিয়ম মেনে চলে এবং নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সহযোগিতা করছে। ফলে শিশুখাদ্যের গুণমান, পণ্যের উপাদান এবং প্রচারে করা দাবিগুলি নিয়ে FSSAI –এর আপত্তির পরবর্তী আইনি প্রক্রিয়ার দিকেই এখন নজর।