একাই কাফি! আগেই বলেছিলেন একা কল্যাণকে ভয় পায় বিজেপি। সাসপেন্ডেড সাংসদ এবার দেখিয়ে দিলেন কেন তাঁকে ভয় পায়! সাসপেন্ড হয়েছেন, লোকসভার অধিবেশনে (Lok Shabha) ঢোকার অনুমতি নেই। কিন্তু বৃহস্পতিবার সংসদের (Parliament) বাইরে দাঁড়িয়েই প্রতিবাদে নজর কাড়লেন তৃণমূল (TMC) সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। চূড়ান্ত বিদ্রুপ করে গদ্দারদের তালিকা সামনে আনলেন তিনি। গলায় গদ্দারদের ছবি দেওয়া ফ্ল্যাক্স ঝুলিয়ে প্রতিবাদে সরব হন তৃণমূল সাংসদ। এই নয়া ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূল মুখপাত্র তথা বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। লিখেছেন, “সাসপেন্ডেড। তবে একাই একশো। গদ্দার-তালিকা নিয়ে কল্যাণদা আজ সংসদ চত্বরে।“
এদিন সাংসদরা যখন সংসদে ঢুকছেন, তখনই গলায় গদ্দারদের তালিকা ঝুলিয়ে প্রতীকী প্রতিবাদে শামিল হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এমন কোনও সাংসদ নেই যে, কল্যাণের এই প্রতিবাদ তাঁরা নজর করেননি। কল্যাণকে দেখেই এগিয়ে গিয়েছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। গদ্দার তালিকায় কারা রয়েছেন তা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন তিনি। সেই তালিকায় স্থান পেয়েছেন তৃণমূলের সঙ্গে বেইমানি করে বিজেপির বি টিম এনসিপিআই-এ যোগ দেওয়া ২০ সংসদ। সেই কুড়ি সাংসদের ছবি ফেস্টুন-বন্দি করে সংসদ চত্বরে ঘুরে ঘুরে প্রতিবাদ করেছেন কল্যাণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা সাংসদদের মুখোশ খুলে দিয়েছেন।
২২ জুলাই লোকসভা থেকে সাসপেন্ড হন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে নাম লেখানো সাংসদ কাকলি ঘোষ দস্তিদার অভিযোগ করেছিলেন, কল্যাণ মহিলা সাংসদদের বিরুদ্ধে আপত্তিকর ও অশালীন শব্দবন্ধ ব্যবহার করেছেন। সাসপেন্ড হওয়ার পরেই সংসদ ভবন চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একা একাই বিক্ষোভ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেদিন প্ল্যাকার্ডে লেখা ছিল, “ভাজপাকে সাথ সংসদ মে, ২০ গদ্দার মওজুদ হ্যায়।“ মুখেও সেই স্লোগান তুলেছিলেন। কখনও সংসদ ভবনের সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে, একা একাই স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন তিনি। বলেছিলেন, “একা এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় কে বিজেপি ভয় পায়। একা কল্যাণ ব্যানার্জি ইজ এনাফ ফর দিস বিজেপি পিপল। ওরা জানে যে এই লোকটাকে বের করে রাখতে পারলে অন্তত একটু নিঃশ্বাস-প্রশ্বাস পাবে।“ কল্যাণের স্পষ্ট কথা, “একলাই কাফি আছি। লড়াই বিজেপির বিরুদ্ধে জারি থাকবে। লড়াই জারি থাকবে গদ্দারদের বিরুদ্ধে।“ এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কুণালও লিখেছেন, “সাসপেন্ডেড। তবে একাই একশো। গদ্দার-তালিকা নিয়ে কল্যাণদা আজ সংসদ চত্বরে।“
এবার গলায় ছবি ঝুলিয়ে সেই ‘বেইমানদের’ চিহ্নিত করে দিলেন কল্যাণ। ছবি সম্বলিত প্ল্যাকার্ডের হেডলাইন, লোকসভা মে বঙ্গাল কা ২০ গদ্দার। আর তার নীচে চারটি করে পাঁচ ধাপে ২০ জনের ছবি।
















