শিক্ষা সংস্কারক তথা সমাজকর্মী সোনম ওয়াংচুককে (Sonam Wangchuk) নিয়ে করা মন্তব্যে নিজেকে সেফ সাইডে রাখতে চেয়েছেন আমির খান (Amir Khan), কিন্তু অভিনেতার প্রাক্তন স্ত্রী কিরণ রাও (Kiran Rao) তা করলেন না। প্রকাশ্যে পরিবেশবিদ বিজ্ঞানীর পাশে দাঁড়ালেন এবং সরাসরি প্রশ্ন তুললেন কেন্দ্রীয় সরকারের দায়বদ্ধতা নিয়ে। ২১ দিনে পড়ল সোনমের অনশন। তাঁর শারীরিক অবস্থা যথেষ্ট উদ্বেগজনক। কিন্তু দেশের তরুণ প্রজন্মের ভবিষ্যতের কথা মাথায় রেখে নিজের অনশন আন্দোলন থেকে একচুল সরেন নি। ন্যায্য দাবি থেকে সরে গিয়ে আপোষের রাস্তায় হাঁটেননি।এই পরিস্থিতিতে এবার আন্দোলনকারীদের সমর্থনে কেন্দ্রের মোদি সরকারের (Modi Government) বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন বলিউড পরিচালক কিরণ। সরকারের অমানবিক নীরবতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝাঁঝালো আক্রমণ শানিয়েছেন আমিরের প্রাক্তন স্ত্রী।
NEET প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অনড় লাদাখের ‘রিয়েল হিরো'। সমাজকর্মীর সঙ্গে 'থ্রি ইডিয়টস'-এর সম্পর্ক সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন সদ্য তৃতীয় বিয়ে করা বলিউড অভিনেতা। এরপরই 'সিনেমার র্যাঞ্চো'কে প্রতারক, মিথ্যেবাদী আখ্যা দিয়েছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। আসলে তিনি মোদি সরকারের গুড বুকে থাকতে চান, তাই হয়তো সত্যি কথা বলার মতো বুকের পাটা নেই ,বলছে নেটপাড়ার একাংশ। কিন্তু কিরণ (Kiran Rao) তা নন। সোশ্যালমিডিয়া হ্যান্ডেলে তিনি লিখেছেন, “আমি সোনম ওয়াংচুক, অভিজিৎ দিপকে, সিজেপি এবং এই দেশের সমস্ত তরুণ ও বয়স্ক নাগরিকদের পাশে দাঁড়িয়েছি, যাঁরা আমাদের পড়ুয়াদের অধিকারের জন্য লড়াই করছেন। সোনমজি, নেহা, মণীশ, আমিন-সহ যাঁরা ন্যায়বিচারের জন্য অনশন করছেন, তাঁদের আমার সেলাম। আমাদের এই উদাসীনতা থেকে জাগিয়ে তোলার জন্য এবং প্রতিটা কণ্ঠস্বর যে মূল্যবান, তা মনে করিয়ে দেওয়ার জন্য দেশ আপনাদের কাছে ঋণী।” কিরণের স্পষ্টবাদী পোস্টে তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেট পাড়ার বাসিন্দারা।
শনিবার অনশনের ২১তম দিন। কেন্দ্রের বিজেপি সরকারের কোনও হেলদোল নেই। দিল্লি থেকে কলকাতা সর্বত্র এই আন্দোলনের আঁচ পড়তে শুরু করেছে।অতুল কুলকার্নি, সোনাক্ষী সিনহা, জিনত আমন, অভয় দেওল নাসিরুদ্দিন শাহের মতো বলিউডের একঝাঁক তারকা সোনমের সমর্থনে সরব হয়েছেন। যত সময় যাচ্ছে ততই শারীরিক অবস্থার অবনতি হচ্ছে কিন্তু মনোবল এতটুকু ভাঙেনি সমাজকর্মীর। দাবি পূরণ না হওয়া নিজের অবস্থানে অনড় ওয়াংচুক।
















