রান্নাঘরের মেঝেতে ঘুরে বেড়াচ্ছে পোকামাকড়, যত্রতত্র পড়ে রয়েছে ইঁদুরের বিষ্ঠা। নিকাশিনালা উপচে জমে রয়েছে নোংরা জল ও উচ্ছিষ্ট খাবার। কোল্ড স্টোরেজের অবস্থাও তথৈবচ। খাদ্য সুরক্ষা এবং চূড়ান্ত স্বাস্থ্যবিধি লঙ্ঘনের এমন চাঞ্চল্যকর অভিযোগে মুম্বইয়ের জুহুতে ইসকনের তিনটি ফুড ইউনিটের লাইসেন্স সাময়িকভাবে বাতিল করল মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। 

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এফডিএ-র শীর্ষ আধিকারিক তুকারাম মুন্ধের নেতৃত্বে জুহুর হরে কৃষ্ণ ল্যান্ডে অতর্কিতে অভিযান চালানো হয়। সেখানে খাদ্য প্রস্তুতকারী মূল ইউনিট, জুহু ফুড সার্ভিসেস রেস্তোরাঁ এবং অত্যন্ত জনপ্রিয় ‘গোবিন্দাস’ রেস্তোরাঁয় ঢুকে কার্যত হতবাক হয়ে যান খাদ্য সুরক্ষা আধিকারিকরা। পরিদর্শনে দেখা যায়, ন্যূনতম স্বাস্থ্যবিধি না মেনেই কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে ফেলে রাখা হয়েছে। এমনকি রান্নার কাজে নিযুক্ত কর্মীদের স্বাস্থ্যপরীক্ষা, টিকাকরণ কিংবা খাদ্য সুরক্ষার প্রশিক্ষণের কোনও নথি মেলেনি। ছিল না পানীয় জল পরীক্ষার কোনও রিপোর্টও। 

এই চরম গাফিলতির কারণেই বিখ্যাত ‘গোবিন্দাস’ সহ তিনটি ইউনিটের লাইসেন্স আপাতত স্থগিত রাখার কড়া পদক্ষেপ করেছে প্রশাসন। ঘটনার প্রেক্ষিতে ইসকন কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ভক্ত এবং অতিথিদের স্বাস্থ্য সুরক্ষাই তাঁদের প্রধান লক্ষ্য। দ্রুত সমস্ত ত্রুটি সংশোধন করে পরিস্থিতি স্বাভাবিক করা হবে।