বাংলাদেশের মাদ্রাসা (Madrasa in Bangladesh) ব্যবস্থা নিয়ে কড়া মন্তব্য লেখিকা তসলিমা নাসরিনের (Author Taslima Nasrin)। সাংবাদিক সম্মেলনে (Press Conference) তিনি বলেন, তাঁর মতে মাদ্রাসা থাকা উচিত নয়। কারণ, অনেক ক্ষেত্রেই মাদ্রাসায় জেহাদি মানসিকতার জন্ম হয়। পাশাপাশি তাঁর অভিযোগ, বাংলাদেশের বহু মাদ্রাসায় শিশু নির্যাতনের ঘটনাও ঘটে।
মাদ্রাসার পাশাপাশি ধর্মীয় পরিকাঠামো নিয়েও প্রশ্ন তোলেন তসলিমা। তাঁর বক্তব্য, অপ্রয়োজনীয়ভাবে বিপুল সংখ্যক মসজিদ নির্মাণেরও প্রয়োজন নেই। একই সঙ্গে তিনি বলেন, কোনও সরকার নিজে থেকে ধর্ম প্রচার করবে, তা কাম্য নয়। তাঁর মতে, রাষ্ট্র ও ধর্মকে সম্পূর্ণ আলাদা রাখা উচিত এবং রাষ্ট্র পরিচালনার সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক থাকা উচিত নয়।
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন তসলিমা নাসরিন। তাঁর দাবি, বাংলাদেশে সরকার পতনের আন্দোলনের নেপথ্যে জেহাদি শক্তিরও ভূমিকা ছিল। পাশাপাশি তিনি বলেন, ছাত্রদের আন্দোলন সব সময় ইতিবাচক ফল বয়ে আনে না। কোনও আন্দোলনের পরিণতি তার নেতৃত্ব ও পরিস্থিতির উপর নির্ভর করে।
নিজের প্রসঙ্গ টেনে তসলিমা নাসরিন বলেন, বৈষম্যের বিরুদ্ধে এবং নারীদের সমান অধিকারের পক্ষে সরব হওয়ার কারণেই তাঁকে দেশ ছাড়তে হয়েছিল। নির্বাসিত জীবন কাটালেও নারী অধিকার ও ধর্মনিরপেক্ষতার পক্ষে তাঁর লড়াই এখনও অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
















