এতদিন রামের নামে রাজনীতি করে এসেছে। এবার রামচন্দ্রের প্রণামীও ছাড়ল না। 'রাম লালা'-র সম্পদ লুঠ! গোটা দেশকেই লুঠ করছে। ছিনিমিনি খেলছে তরুণের স্বপ্ন নিয়ে। তবু ভ্রুক্ষেপ নেই। এবার বিজেপিকে জবাবদিহি করতে হবে। স্বৈরাচারী বিজেপির (BJP) বিরুদ্ধে আওয়াজ তুললেন তৃণমূল (TMC) সাংসদ মহুয়া মৈত্র (Mahuaa Moitra)। আওয়াজ তুললেন, এবার বিজেপিকে জবাবদিহি করতে হবে হিন্দু ভোটারদের কাছে, জবাবদিহি করতে হবে যুব সমাজের কাছে। 

বিজেপির এই মিথ্যাচারের রাজনীতির বিরুদ্ধেই এবার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে গর্জে উঠলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এক্সে লেখেন, আজ বিজেপিকে তাদের লক্ষ লক্ষ হিন্দু ভোটারের কাছে জবাবদিহি করার সময় এসেছে। তাদের জবাবদিহি করতে হবে ঠিক কী কারণে আরএসএস ও ভিএইচপিকে দিয়ে 'রাম লালা'-র সম্পদ লুঠ করেছে। রামমন্দিরে প্রণামীর টাকা, সোনা, রুপো মিলিয়ে সাড়ে তিন হাজার কোটি টাকা গায়েব করে দেওয়া হয়েছে। এবার তারা রামভক্তদের কী বলবেন, কী বলবেন হিন্দু ভোটারদের? এটাই কি বিজেপির রাম-রাজনীতি। শুধু তাই নয়, তরুণ ভোটারদের কাছেও জবাবদিহি করতে হবে বিজেপিকে। কারণ একটার পর একটা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। পরীক্ষা বাতিল হচ্ছে। নিটের পর বিজেপি-রাজ্যে টেটে (NEET-TET) পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে, পরীক্ষা বাতিল হয়েছে। লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে বিজেপি। 

মহুয়ার সাফ কথা, একদিকে রামমন্দিরের প্রণামী লুঠ, অন্যদিকে প্রশ্নফাঁসের দুর্নীতি— এভাবেই কোষাগার ভরাচ্ছে বিজেপি। তার জবাব তো এবার দিতেই হবে। তা না হলে, 'অপারেশন স্টিল এমপি' বা সাংসদ হাতিয়ে নেওয়ার কৌশলও তাদের বাঁচাতে পারবে না।