নতুন করে রণক্ষেত্রে মণিপুর (Manipur)। দুই গোষ্ঠীর সংঘর্ষের ফলে গুলিবিদ্ধ হয়েছেন এক সিআরপিএফ জওয়ান (CRPF Jawan)। পাশাপাশি একাধিক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। সোমবার সকাল থেকে এই হিংসাত্মক ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করেন। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রবিবার রাত প্রায় আড়াইটে নাগাদ কাংপোকপি জেলার তাপৌ কুকি গ্রামে (Tapou Kuki village in Kangpokpi district) কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর ভোর প্রায় চারটে নাগাদ সেনাপতি জেলার নাগা তাপৌ গ্রামেও একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপরই এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই শুরু হয়। সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন এক সিআরপিএফ জওয়ান। আপাতত তাঁকে চিকিৎসার জন্য সেনাপতি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিনের এই ঘটনায় সেনাপতি এলাকায় দ্রুত উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা সেনাপতি গেটে জড়ো হয়ে ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। রাস্তার উপর কাঠ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। ফলে ওই পথে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তাপৌ কুকি ভিলেজ অথরিটি এক বিবৃতিতে সাধারণ মানুষের বাড়িঘরে আগুন লাগানোর ঘটনার নিন্দা করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে শনাক্ত করে গ্রেফতারের দাবি জানিয়েছে সংগঠনটি। উল্লেখ্য, ২০২৩ সাল থেকেই জাতিগত সংঘর্ষকে কেন্দ্র করে অশান্ত মণিপুর। প্রাণ হারিয়েছেন বহু মানুষ। একাধিকবার হামলার নিশানা হয়েছে নিরাপত্তাবাহিনীও। গত মাসে অসম রাইফেলসের দুই জওয়ানের মৃত্যু হয়। কুকি-মেতেই সংঘর্ষের জেরে কাংপোকপি ও সেনাপতি-সহ মণিপুরের একাধিক জেলায় বারবার হিংসার ঘটনা ঘটেছে যদিও কেন্দ্রের তরফে কোন সদর্থক ভূমিকা দেখা না যাওয়াকে কেন্দ্র করে বিক্ষোভের আঁচ ছড়িয়েছে গোটা দেশে।