দক্ষিণ দিল্লির ( Delhi)সত্য নিকেতনে বহুতল মেসবাড়ি ভেঙে পড়ে ছজনের মৃত্যুর ঘটনায় এ বার জল গড়াল দিল্লি হাইকোর্ট (Delhi High Court) পর্যন্ত। দুর্ঘটনার (Accident) ঘটনায় জরুরি শুনানির আবেদন জানিয়ে সোমবার জনস্বার্থ মামলা (PIL) দায়ের হয়েছে। মামলাটি (Case) শুনবে প্রধান বিচারপতি ডিকে উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চ।

সূত্রের খবর, অনিকেত কুমার গুপ্ত নামে এক ব্যক্তি ওই PIL দায়ের করেছেন। মামলাকারীর দাবি, মেসবাড়ি ধসে মৃতদের পরিবারের প্রত্যেককে অন্তত এক কোটি টাকা করে আর্থিক সাহায্য দিতে হবে। পাশাপাশি, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবিও জানানো হয়েছে। মামলাকারীর বক্তব্য, সত্য নিকেতনের মতো দিল্লির গুরুত্বপূর্ণ ছাত্রাবাস এলাকায় একাধিক পেইং গেস্ট (PG), হস্টেল এবং ছাত্রাবাস রয়েছে। তাই এই ধরনের সমস্ত ভবনের অবিলম্বে পরিকাঠামোগত নিরাপত্তা যাচাই করা প্রয়োজন। শুধু এক বার নয়, নিয়মিত ব্যবধানে ভবনগুলির কাঠামোগত নিরাপত্তা পরীক্ষা করার ব্যবস্থাও চালু করার দাবি জানানো হয়েছে।

জনস্বার্থ মামলায় (PIL)-এ আরও বলা হয়েছে, ভবনটি ভেঙে পড়ার আগে সেখানে মেরামতি, সংস্কার বা নির্মাণ সংক্রান্ত কাজ চলছিল বলে প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে। ফলে ওই কাজের বৈধতা, অনুমোদিত বিল্ডিং প্ল্যান মেনে কাজ হয়েছিল কি না, ভবনটি PG বা হস্টেল হিসেবে ব্যবহারের অনুমতি ছিল কি না এবং প্রয়োজনীয় স্ট্রাকচারাল স্টেবিলিটি ও অগ্নিনিরাপত্তার শংসাপত্র ছিল কি না—এই বিষয়গুলি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন মামলাকারী। তদন্তের আওতায় ভবনের মালিক, নির্মাণকারী সংস্থা, ঠিকাদার, স্থপতি, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, সংস্কারের কাজে যুক্ত ব্যক্তিদের পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি দফতরের আধিকারিকদের ভূমিকাও আনার দাবি করা হয়েছে। ভবন পরিদর্শন ও নির্মাণবিধি কার্যকর করার ক্ষেত্রে কোনও গাফিলতি হয়েছিল কি না, সেটিও তদন্ত করে দেখার আবেদন জানানো হয়েছে। শুধু সত্য নিকেতন নয়, দিল্লির অন্যান্য গুরুত্বপূর্ণ ছাত্রাবাস এলাকাতেও নিরাপত্তা অডিটের দাবি উঠেছে। ইতিমধ্যেই এই দুর্ঘটনা ঘিরে একটি এফআইআর দায়ের হয়েছে। প্রাথমিক ভাবে ভবনে চলা সংস্কারকাজ নিয়েও প্রশ্ন উঠেছে। সেই পরিস্থিতিতে হাইকোর্টে (High Court) দায়ের হওয়া এই জনস্বার্থ মামলায় দুর্ঘটনার প্রকৃত কারণ এবং দায় কার—তা স্পষ্ট করার পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা রুখতে প্রশাসনিক পদক্ষেপের দাবিও সামনে এল।