পুণ্যার্থীদের নিয়ে অমরনাথ যাত্রা সেরে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গড়িয়ে পড়ল একটি যাত্রীবাহী বাস। মঙ্গলবার ভোরে জম্মু ও কাশ্মীরের গান্ডেরবাল জেলায় সোনমার্গ সড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসটি উল্টে গিয়ে প্রায় ২০-২৫ মিটার (প্রায় ৮০ ফুট) নীচে একটি বাড়ির ছাদের ওপর গিয়ে পড়ে। এই ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ৩০ জন তীর্থযাত্রী আহত হয়েছেন। তবে স্বস্তির খবর, এই দুর্ঘটনায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।

দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে প্রায় ৫০ জন তীর্থযাত্রী ছিলেন। বালতাল বেস ক্যাম্প থেকে অমরনাথ দর্শন সেরে তাঁরা শ্রীনগরের দিকে ফিরছিলেন। সোনমার্গ সড়কের একটি বিপজ্জনক বাঁক ও ঢালে বাসটি হঠাৎই চালকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলয়। এরপর সেটি রাস্তা থেকে ছিটকে পাশের ঢাল বেয়ে নিচে একটি আবাসিক বাড়ির ছাদের ওপর গিয়ে আছড়ে পড়ে। দুর্ঘটনায় আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ (আইটিবিপি), সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং জম্মু ও কাশ্মীর পুলিশ। যৌথভাবে উদ্ধারকাজ চালানোর পাশাপাশি আইটিবিপির চিকিৎসাকর্মীরা আহতদের প্রাথমিক চিকিৎসা করেন।

বর্তমানে আহত যাত্রীরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে একটি বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। নিরাপত্তা বাহিনী দ্রুত তৎপর হওয়ায় ওই এলাকার যান চলাচলও স্বাভাবিক। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা সামাজিক মাধ্যম 'এক্স'-এ উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি লেখেন— "সকালে গান্ডেরবালে ঘটা দুর্ভাগ্যজনক সড়ক দুর্ঘটনায় আহত শ্রী অমরনাথজি যাত্রার তীর্থযাত্রীদের শারীরিক অবস্থা নিয়ে গান্ডেরবালের ডেপুটি কমিশনার এবং স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। বাবা বরফানির দর্শন সেরে ফেরার পথে তীর্থযাত্রীরা আহত হয়েছেন এবং বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। আমি স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দিয়েছি যেন তাঁদের সব ধরনের প্রয়োজনীয় সহায়তা এবং সর্বোত্তম চিকিৎসা পরিষেবা নিশ্চিত করা হয়।"