প্রশাসনিক স্তরে দুর্নীতিমুক্ত ব্যবস্থার বড় বড় প্রতিশ্রুতির মাঝেই চরম অস্বস্তিকর এক দৃশ্য সামনে এল উত্তরপ্রদেশে। শাহজাহানপুর পুরসভায় প্রকাশ্যে এল এমন এক ঘটনা, যা দেখে হতবাক রাজনৈতিক মহল থেকে সাধারণ নাগরিক। গঙ্গাজল ছুঁয়ে দুর্নীতির টাকা নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেওয়ার শপথ নিলেন পুরসভার কাউন্সিলররা।
জানা গিয়েছে, বিজেপি পরিচালিত এই পুরসভার ৬০ জন কাউন্সিলরের এক রুদ্ধদ্বার বৈঠকের ভিডিও সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, এক কাউন্সিলর হাতে জলভর্তি পাত্র নিয়ে শপথবাক্য পাঠ করছেন। তাঁর স্পষ্ট বক্তব্য— ঘুষ বা অন্যায্য উপায়ে আসা যে কোনও অর্থ কারও একা ভোগ করার সুযোগ নেই, তা সমানভাবে ৬০ জন কাউন্সিলরের মধ্যে ভাগ করা হবে। শুধু তাই নয়, এই অনিয়মের জেরে কেউ বিপদে পড়লে বাকিরা সম্মিলিতভাবে তাঁর পাশে দাঁড়ানোর অঙ্গীকারও করেন। উপস্থিত অন্যান্য কাউন্সিলরদের সমস্বরে সেই শপথে গলা মেলাতে এবং শপথ শেষে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।
পবিত্র গঙ্গাজলকে সামনে রেখে প্রকাশ্য দুর্নীতির এমন ‘ঐক্যবদ্ধ’ চুক্তির ছবি ছড়িয়ে পড়তেই তোলপাড় শুরু হয়েছে উত্তরপ্রদেশের রাজ্য রাজনীতিতে। শাসকদলের দুর্নীতিবিরোধী অবস্থানের বিশ্বাসযোগ্যতা নিয়ে বিরোধীরা যেমন প্রশ্ন তুলতে শুরু করেছেন, তেমনই ক্ষোভে ফুঁসছেন সাধারণ ভোটাররাও। নির্বাচিত জনপ্রতিনিধিদের এমন প্রকাশ্য নীতিহীনতা নিয়ে স্থানীয় স্তরেও প্রশাসনিক পদক্ষেপের দাবি জোরালো হচ্ছে।
















