ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন (Narendra Modi's Birthday) উপলক্ষে বৃহস্পতিবার দেশ জুড়ে একগুচ্ছ কর্মসূচি ভারতীয় জনতা পার্টির। বেনারস থেকে শুরু হচ্ছে সেবা সংকল্প বাইক যাত্রা। আড়াইশোটি মোটরবাইকে ৫০০ জন বাইকার মোদির লোকসভা কেন্দ্র কাশি থেকে গুজরাট পর্যন্ত যাবেন। ১০টি রাজ্যের ১৯৩টি জেলা, ৭৭৩টি তহসিল এবং ১১৫৯টি গ্রামের মধ্যে দিয়ে যাবে র্যালি। পাশাপাশি সন্ধ্যায় রয়েছে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচিও।উত্তরপ্রদেশে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর ৭৬ তম জন্মদিন উপলক্ষে পূজা অর্চনা শুরু হয়েছে। বাংলাতেও একই ছবি। এদিন সকাল থেকে কলকাতা নিমতলা ঘাট এলাকায় মোদির কাট আউট এবং ছবিতে দুধ স্নান করিয়ে চলছে পুজো।
আরও পড়ুন: সেন্সর বোর্ডের সদস্য হলেন প্রসেনজিৎ, বিজ্ঞপ্তি প্রকাশ কেন্দ্রিয় তথ্য- সম্প্রচার মন্ত্রকের
দেশের প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আজ সকাল থেকেই বারাণসীতে একাধিক আয়োজন করা হয়েছে। বিজেপি সূত্রে জানা গিয়েছে সকালে ৫১ জন অংশগ্রহণকারী ললিতা ঘাটে পৌঁছে গঙ্গার জল কাশী বিশ্বনাথ মন্দিরে যাবেন। শঙ্খধ্বনি ও ডমরু বাজিয়ে হবে জলাভিষেক। পরে রুদ্রাক্ষ আন্তর্জাতিক সহযোগিতা ও কনভেনশন সেন্টার থেকে বাইকযাত্রাটির আনুষ্ঠানিক সূচনা হবে যেখানে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রুদ্রাক্ষ কেন্দ্রে মোদির ২৫ বছরের কর্মজীবনের যাত্রা নিয়ে একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে।১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে যুবসমাজ, সরকারি প্রকল্পের সুবিধাভোগী এবং বিভিন্ন সামাজিক গোষ্ঠীর কাছে পৌঁছনোর জন্য একাধিক কর্মসূচি নেওয়া হচ্ছে।
কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্য রেখে পশ্চিমবঙ্গ সরকারও (Govt of West Bengal) একাধিক পদক্ষেপ করেছে। সন্ধ্যা ৭টায় মোমবাতি এবং প্রদীপ জ্বালিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালনের বার্তা দিয়েছে সরকার। যাঁরা বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাঁদের মোমবাতি জ্বালাতে বলা হয়েছে। রাজ্যের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রও আলোকিত করা হবে। মোদির জন্মদিন উপলক্ষে আজ নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে ‘অন্নপূর্ণা দিবস’ পালনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। আজকের দিনটিকে স্মরণীয় করে রাখতে ভবানীপুরে প্রধানমন্ত্রীর জন্মদিন উদ্যাপনের পাশাপাশি, মহিলাদের নিয়ে ‘অন্নপূর্ণা দিবস’ পালন করবেন তিনি। ৩ হাজার টাকা ‘যোগ্য’ মহিলাদের অ্যাকাউন্টে অর্থ দিয়ে দিনটি উদ্যাপন করবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এ বার ১ কোটি ৫৮ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন।
















