দায়িত্ব বাড়ল পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee)। এবার ‘সেন্সর বোর্ড ফর ফিল্ম সার্টিফিকেশন’-এর (CBFC) সদস্য হলেন তিনি। বুধবার কেন্দ্রের তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ হতেই বিশ্বজিৎ-পুত্রকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর সতীর্থ থেকে অনুরাগীরা। পুনর্গঠিত বোর্ডের যে ১৮ জন সদস্যের নাম প্রকাশিত হয়েছে সেই তালিকায় নাম রয়েছে বাঙালি অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়েরও (Rupali Ganguly)। 

২০১৭ সালের পর এই বছর অর্থাৎ ২০২৬-এ পুনর্গঠিত হল সিবিএফসি। সেন্সর বোর্ডের নতুন সদস্যদের মধ্যে রয়েছেন বেশ কয়েক জন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী। নতুন তালিকায় জায়গা পেয়েছেন, পঙ্কজ ত্রিপাঠী, প্রীতি জিন্টা, পল্লবী জোশী, মনোজ জোশী, সুনীল শেট্টি, সুপ্রিয়া ইয়রালগড্ডা, নিশিগন্ধা ওয়াড, পরিচালক প্রিয়দর্শন। রয়েছেন বিজেপি শিবিরের সাংসদ হংসরাজ হংস, সুরকারওপরিবেশবিদ রিকি কেজ, প্রযোজক-পরিচালক নীল মাধব পাণ্ডা, নাট্যপরিচালক বামন কেন্দ্রে, লেখক রমেশ পতঙ্গে। সিনেমাটোগ্রাফ আইনের ভিত্তিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে এই বোর্ড পুনর্গঠন করা হয়েছে। আগামী তিন বছর অর্থাৎ ২০২৯ সাল পর্যন্ত এই নতুন বোর্ড কার্যকর থাকবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: ওটিটি-তেও সেন্সর বোর্ডের মতো নজরদারির ভাবনা! ‘সাংস্কৃতিক দূষণ’ রুখতে প্যানেল আরএসএসের

নতুন দায়িত্ব পাওয়ার খবরে খুশি প্রসেনজিৎ। প্রায় ৪ দশকের বেশি অভিনয় ক্যারিয়ারে টলিউডের উন্নতি সাধনে নানা পদক্ষেপ করতে দেখা গেছে 'মনের মানুষ' অভিনেতাকে। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে মানানসই ও চিত্রনাট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে তুলে ধরার ক্ষেত্রে তিনি নিঃসন্দেহে এই প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের কাছে এক অনন্য আদর্শ হয়ে উঠেছেন। মে মাসেই পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন প্রসেনজিৎ। বাংলায় মহানায়কের জন্মশতবর্ষের অনুষ্ঠানের গুরুদায়িত্ব ছিল তার কাঁধে। চলতি বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারপারসনও তিনি। এর সঙ্গে আবার সেন্সর বোর্ডের নতুন দায়িত্ব। প্রসেনজিৎ জানান,“একটি চিত্রনাট্য শুনতে শুনতে খবরটি পেলাম। ৪০ বছরের বেশি সময় ধরে বাংলা ছবিতে কাজ করছি। তাই এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। এমন সম্মাননীয় স্থানে থেকে পুরো বাংলা ইন্ডাস্ট্রির জন্য দায়িত্ব পালন করার সাধ্যমতো চেষ্টা করব।”