অস্ট্রেলিয়ায় (Australia) দুই দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনেই চরম হেনস্থার মুখে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বুধবার মেলবোর্নের একটি অভিজাত হোটেলে নিরাপত্তা বেষ্টনী গলে ঢুকে পড়ে উগ্র দক্ষিণপন্থী ও অভিবাসী-বিরোধী এক বিক্ষোভকারী প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে অত্যন্ত আপত্তিকর ও বর্ণবাদী স্লোগান দেয়। এখানেই শেষ নয়, পরের দিন বৃহস্পতিবারও মেলবোর্নের মার্ভেল স্টেডিয়ামে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে মোদির ভাষণ দেওয়ার কর্মসূচিটিও ব্যাহত করার চেষ্টা করে ওই একই ব্যক্তি। তবে উৎসবমুখর ভারতীয়দের বাদ্যযন্ত্রের আওয়াজে তার সেই চেষ্টা ব্যর্থ হয় এবং তাঁকে শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে (সত্যতা যাচাই করা হয়নি) দেখা গেছে, ভারতের প্রধানমন্ত্রী যখন হোটেলের লবিতে রেড কার্পেট দিয়ে হেঁটে আসছিলেন, ঠিক তখনই তাঁকে লক্ষ্য করে চিৎকার করতে শুরু করে ওই বিক্ষোভকারী। অনলাইন দুনিয়ায় ‘অসপিল’ নামে পরিচিত এবং হুগো লেনন (২২) হিসেবে চিহ্নিত ওই যুবক ওপর থেকে চিৎকার করে বলতে থাকে, ‘মোদি দূর হটো! এটা অস্ট্রেলিয়া। আমাদের আর কোনও ভারতীয়ের প্রয়োজন নেই। আমরা কোনও অভিবাসন চাই না। এই দেশ শুধু অস্ট্রেলীয়দের জন্য।’ পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ দ্রুত লেননকে ঘিরে ফেলে এবং স্লোগান দেওয়া অবস্থাতেই তাকে প্রথম তলার বারান্দা থেকে টেনে-হিঁচড়ে সরিয়ে নিয়ে যায়। ভিক্টোরিয়া পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, রাত সাড়ে বারোটা নাগাদ এক যুবক হোটেলে ঢুকে রাজনৈতিক স্লোগান দিচ্ছিল, পুলিশ কোনও ঝামেলা ছাড়াই তাকে সেখান থেকে সরিয়ে দিয়েছে। তবে অত্যন্ত কঠোর নিরাপত্তা থাকা সত্ত্বেও লেনন কীভাবে প্রধানমন্ত্রীর অবস্থান জানতে পারল, সে-বিষয়ে পুলিশ কোনও মন্তব্য করতে রাজি হয়নি।
















