সংসদ সদস্যপদ খারিজের আবেদন ঘিরে শীর্ষ আদালতে আইনি লড়াই চলছে। তার মধ্যেই সাংগঠনিক তৎপরতা বাড়িয়ে নতুন কমিটির ঘোষণা করল এনসিপিআই। মঙ্গলবার মোট ২৭ জন সদস্যকে নিয়ে গঠিত এই কমিটির তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি করা হয়েছে জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায়কে। কমিটিতে জায়গা পেয়েছেন তৃণমূল ছেড়ে আসা দেব, রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো সাংসদরা। তবে তাৎপর্যপূর্ণভাবে এই তালিকায় কোনও পদেই নাম নেই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদারের।

লোকসভা ভোটের ফল প্রকাশের পর গত ৪ মে তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দিয়েছিলেন ২০ জন সাংসদ। দলত্যাগী ওই সাংসদদের পদ বাতিলের দাবি জানিয়ে স্পিকারকে চিঠি দিয়েছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। স্পিকারের তরফে পদক্ষেপ না মেলায় বিষয়টি শেষ পর্যন্ত পৌঁছায় সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত সংশ্লিষ্ট সাংসদদের বিরুদ্ধে নোটিশ জারির পর স্পিকার ওম বিড়লাও এক সপ্তাহের মধ্যে জবাব তলব করেন। যদিও সেই নোটিশের জবাব এখনও দেননি দলত্যাগী সাংসদরা। বরং স্পিকারকে চিঠি দিয়ে জবাব দেওয়ার জন্য আরও চার সপ্তাহ সময় চেয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়রা।

সাংসদপদ ঘিরে এমন অনিশ্চয়তা এবং আইনি টানাপোড়েনের আবহেই মঙ্গলবার নতুন নেতৃত্ব কাঠামো সামনে আনল দল। নতুন কমিটিতে সহ-সভাপতি পদে রাখা হয়েছে আবু তাহের, দেব, ইউসুফ পাঠান, জগদীশ চন্দ্র বসুনিয়া, রচনা বন্দ্যোপাধ্যায় ও চন্দ্রিমা পাঁজাকে। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মিতালি বাগ ও বাপী হালদার। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আদালতের নোটিশ ও স্পিকারের জবাব ঝুলিয়ে রাখার কৌশলের পাশাপাশি সংগঠন গুছিয়ে নিজেদের অবস্থানকে পোক্ত করতেই এই কমিটি গঠন করল এনসিপিআই।