পরীক্ষা ব্যবস্থার সংস্কার এবং সেটিকে সম্পূর্ণ স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর করে তুলতে বড় পদক্ষেপের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে শিক্ষার্থীদের ক্ষোভ ও আন্দোলনের আবহেই সমাজমাধ্যমে লাইভে এসে এই বার্তা দেন তিনি। পরীক্ষা পদ্ধতিকে আরও আধুনিক রূপ দিতে বিশ্বখ্যাত প্রযুক্তিবিদ নন্দন নিলেকানির নেতৃত্বে একটি বিশেষ উচ্চপর্যায়ের কমিটি গঠন করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
রবিবার ফেসবুক লাইভে প্রধানমন্ত্রী পড়ুয়াদের উদ্দেশে বলেন, ‘বন্ধুরা, তরুণদের ভবিষ্যতের কথা ভেবে ভারত সরকার একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করছে। যাঁরা পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে, তারা ইতিমধ্যে জেলে বন্দি। দ্রুত বিচারের জন্য আমরা ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করেছি এবং কড়া আইন আনার জন্য আগামিকালই সংসদে বিল আনা হচ্ছে।’ এর পরেই পরীক্ষা ব্যবস্থার আধুনিকীকরণের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে হবে। পরীক্ষা পদ্ধতি যাতে সম্পূর্ণ স্বচ্ছ হয় এবং তাতে সর্বোচ্চ স্তরের প্রযুক্তি ব্যবহার করা যায়, সেই সব বিষয় মাথায় রেখে নন্দন নিলেকানির নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করা হচ্ছে।’
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নন্দন নিলেকানির নেতৃত্বাধীন এই টাস্ক ফোর্স দেশের গোটা পরীক্ষা প্রক্রিয়া খতিয়ে দেখবে। প্রশ্নপত্র প্রস্তুত করা থেকে শুরু করে পরীক্ষা নেওয়া ও মূল্যায়নের ক্ষেত্রে কোন কোন আধুনিক প্রযুক্তি ব্যবহার করা প্রয়োজন, সে বিষয়ে কেন্দ্রকে বিস্তারিত রিপোর্ট দেবে এই কমিটি। মূল লক্ষ্য হলো, আধুনিক প্রযুক্তির সাহায্যে পরীক্ষা ব্যবস্থাকে নিছিদ্র ও দুর্নীতিমুক্ত করা।
মেডিকেল প্রবেশিকা নিট-এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর থেকেই দেশের একাধিক শহরে আন্দোলনে নেমেছিলেন শিক্ষার্থীরা। পরিস্থিতি সামাল দিতে আন্দোলনকারীদের দাবি মেনে শনিবারই শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান। নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেন প্রহ্লাদ যোশী। দায়িত্ব গ্রহণ করেই পরীক্ষা ব্যবস্থার খোল নলচে বদলাতে উচ্চপর্যায়ের একাধিক বৈঠক সারেন তিনি। তার পরপরই প্রধানমন্ত্রীর এই ফেসবুক লাইভ এবং নন্দন নিলেকানির মতো প্রযুক্তিবিদকে দায়িত্ব দেওয়ার ঘোষণা।
















