আইপ্যাক দফতর থেকে ফাইল সরানোর মামলায় সিবিআই তদন্তের নির্দেশে আর কোনও আপত্তি নেই তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতার আইনজীবীর যুক্তি, রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন ঘটে গিয়েছে। ফলে এই নতুন পরিস্থিতিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আর্জি মেনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-কে দিয়ে তদন্ত করানো হলে তাঁদের পক্ষ থেকে কোনও বাধা থাকবে না। 

চলতি বছরের জানুয়ারি মাসে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সল্টলেকে আইপ্যাকের দফতর এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাসভবনে অভিযান চালায় ইডি। সেই তল্লাশি চলাকালীন তৃণমূল নেত্রী নিজে দফতরে পৌঁছে বেশ কিছু ফাইল নিয়ে বেরিয়ে আসেন বলে অভিযোগ তোলে কেন্দ্রীয় সংস্থা। এর পরেই তল্লাশিতে বাধা ও ফাইল চুরির অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিল ইডি। 

শুনানিতে মমতার তরফে সিবিআই তদন্তে ইতিবাচক সাড়া মিললেও কেন্দ্রের সলিসিটার জেনারেল তুষার মেহতা জানান, পরিস্থিতির কী পরিবর্তন হয়েছে তা দেখার বিষয় নয়। তবে আইপ্যাক মামলায় কেন্দ্রীয় সংস্থা এখনও সিবিআই তদন্তের দাবিতেই অনড় রয়েছে।